অভিষেকে জিতল গুজরাটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইজিং পুনে সুপারজায়ান্টসের মতোই আইপিএল অভিষেকে জয় পেল গুজরাট লায়নস। কাল মোহালিতে স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি দলটি। টস হেরে ব্যাট করা পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে করে ১৬১ রান। রানটা ১৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় গুজরাট।

রান তাড়ায় ইনিংসের ষষ্ঠ বলেই ব্রেন্ডন ম্যাককালামকে (০) হারায় গুজরাট। তবে দ্বিতীয় ও তৃতীয় উইকেটে সুরেশ রায়না (৯ বলে ২০) ও দিনেশ কার্তিকের (২৬ বলে অপরাজিত ৪১) সঙ্গে ৫১ ও ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন অ্যারন ফিঞ্চ। ৪৭ বলে ১২ চারে ৭৪ রান অস্ট্রেলীয় ওপেনারের।

পাঞ্জাবের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান মুরালি বিজয়ের। গুজরাটের ডোয়াইন ব্রাভো ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। এই ৪ উইকেটের দ্বিতীয়টি নিয়েই প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট পেলেন ব্রাভো। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেট ৩০২টি। ২৯৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা আছেন এরপরই। তথ্যসূত্র: ক্রিকইনফো।