অভিষেকে ডাবল সেঞ্চুরির ইতিহাস, তবু দুঃখ থাকবে কনওয়ের

ডাবল সেঞ্চুরির পর ডেভন কনওয়ে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম খেলোয়াড় হিসেবে লর্ডসে টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন ডেভন কনওয়ে। কাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে এ গৌরবের পর আজ দ্বিতীয় দিনে নিজের ইনিংসটিকে অনন্য এক মহিমায় রাঙালেন কনওয়ে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২০০ রান করে আউট হন ওপেনিংয়ে নামা বাঁহাতি এ ব্যাটসম্যান। ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

কাল প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকা কনওয়ে আজ প্রায় একাই লড়ে দেখা পান ডাবল সেঞ্চুরির। টেস্ট অভিষেকে এর আগে ছয়জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির মুখ দেখেছেন।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে এ তালিকায় নাম লেখালেন কনওয়ে। তাঁর আগে সর্বশেষ এ নজির গড়েছেন কাইল মেয়ার্স, এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।

শেষ উইকেট হিসেবে রানআউট হন কনওয়ে। তবে প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট নিউজিল্যান্ড। ১১তম ব্যাটসম্যান নিল ওয়াগনারের সঙ্গে ৩৩ বলে ৪০ রানের জুটি গড়েন কনওয়ে। তাঁরা ব্যাটিং করার সময় মনে হচ্ছিল, কনওয়ে হয়তো অপরাজিত থেকে রেকর্ডই গড়বেন।

ব্যক্তিগত ১৮৯ রানে ইংল্যান্ড পেসার মার্ক উডকে চার মেরে ১৯৩ রানে পৌঁছানোর পর একটি রান নেন তিনি। ১৯৪ রানে থাকতে ওই ওভারেরই শেষ বলে উডকে পুল করে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরির দেখা পান।

এর মধ্য দিয়ে লর্ডসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির কীর্তি তাঁর। কিন্তু কনওয়ের মনে ‘দুঃখ’ ভর করে পরের ওভারেই। জো রুটের করা সেই ওভারের চতুর্থ বলে তাঁর ২ রান নেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন ছিল না। ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রানটি নিতে গিয়ে রানআউট হন তিনি।

আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে সতীর্থদের করতালি পেলেন কনওয়ে।
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের ইনিংসে অপরাজিত থাকতে পারলে টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে আদ্যন্ত ব্যাট (ক্যারিং দ্য ব্যাট) করে ডাবল তুলে নেওয়ার রেকর্ড গড়তে পারতেন কনওয়ে। কিন্তু রানআউট হয়ে কনওয়ে নিজেই নিজেকে রেকর্ডটি থেকে বঞ্চিত করলেন।

এর আগে টেস্ট অভিষেকে আদ্যন্ত ব্যাট করার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার জন ব্যারেট, ইংল্যান্ডের পেলহাম ওয়ার্নার ও বাংলাদেশের জাভেদ ওমর বেলিম। এই তিনজনের মধ্যে শুধু পেলহাম ওয়ার্নার সেঞ্চুরির মুখ দেখেছেন।

১৮৯৯ সালে সেই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অপরাজিত ছিলেন পেলহাম ওয়ার্নার। জাভেদ ওমর আর জন ব্যারেটের আদ্যন্ত ব্যাটিংয়ের নজিরও অভিষেক টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে। টেস্ট ইতিহাসে কোনো ব্যাটসম্যান নিজের প্রথম ইনিংসে আদ্যন্ত ব্যাট করতে পারেননি, কনওয়ের সামনে সে সুযোগ ছিল।

তবে ৩৪৭ বলে ১ ছক্কা ও ২২ চারের এ ইনিংস দিয়েই রেকর্ড বইয়ে কিছু জায়গা ওলট-পালট করেছেন কনওয়ে। টেস্ট অভিষেকে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া প্রথম ব্যাটসম্যান তিনি। ব্রেন্ডন ম্যাককালাম ও সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবলের দেখা পেলেন কনওয়ে।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে তিনি ওপেন করে কখনো সেঞ্চুরির মুখ দেখেননি। অথচ অভিষেক টেস্টে ওপেন করার স্নায়বিক চাপ নিয়েই তিনি দেখা পেলেন ডাবল সেঞ্চুরির!

টেস্ট অভিষেকে সপ্তম সর্বোচ্চ রানের ইনিংসটি এখন কনওয়ের। ২৮৭ রান নিয়ে সবার ওপরে ইংল্যান্ডের আরই ফস্টার। নিউজিল্যান্ডের হয়ে এ সংস্করণে অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি এখন কনওয়ের। ১৯৯৯ সালে ওয়েলিংটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে ২১৪ রান করেছিলেন নিউজিল্যান্ডের সিনক্লেয়ার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে চা বিরতির আগে ২ উইকেটে ২৫ রান তুলেছে ইংল্যান্ড।