
বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেটি দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। উদ্যাপনের উপলক্ষ পুরো দেশের জন্যই। স্মরণীয় মুহূর্তটি আরও রাঙিয়ে তুললেন অ্যান্ড্রু হাডসন। ব্রিজটাউনের গতিময় উইকেটে ওয়ালশ-অ্যামব্রোস-প্যাটারসন-বেঞ্জামিনদের সামলে খেললেন ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস। ১৮৮৯ সাল থেকে টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা, কিন্তু অভিষেকে সেঞ্চুরি সেটিই প্রথম। ১৯৯২ সালের ওই সময়টায় স্টিয়ান ফন জিলের বয়স কত? এই ৫ ছুঁই-ছুঁই। উপলক্ষের বিশালতা তখন বুঝতেন না। এখন ঠিকই জানেন অভিষেকে সেঞ্চুরি মাহাত্ম্য। ফন জিল জানেন, হাডসনের পাশে বসতে পারা কত বড় সম্মানের!
তবে শুধু কীর্তির কারণেই নয়, হাডসনকে এখানে টেনে আনার যোগসূত্র আছে আরেকটি। এই ফন জিলকে দলে এনেছেন তো হাডসনই! সাবেক ওপেনার এখন প্রধান নির্বাচক। চোটে ছিটকে যাওয়া জেপি ডুমিনির জায়গাটা দিয়েছেন ফন জিলকে। অনেক অপেক্ষার পর পাওয়া সুযোগটা বাঁহাতি ব্যাটসম্যান স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ফন জিলের অভিষেক সেঞ্চুরির দিনে হাশিম আমলা করেছেন তৃতীয় ডাবল সেঞ্চুরি। এবি ডি ভিলিয়ার্সের দেড় শ তো ছিলই। আকাশে মেঘের ঘনঘটা দেখে দ্বিতীয় দিনের মাঝামাঝি সাড়ে পাঁচ শ ছাড়িয়েই ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু টানা বৃষ্টিতে কাল আর ব্যাটিংয়েই নামতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৮ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ফন জিল। টেস্ট অভিষেকের আগেই ৯৬ ম্যাচে রান করেছেন ৬ হাজারের বেশি। চার বছর আগে বাংলাদেশেও এসেছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে। এ বছরই টেস্ট স্কোয়াডে থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ঘুরে এসেছেন। সুযোগ মেলেনি একাদশে। কদিন আগে কোচ রাসেল ডমিঙ্গো তাঁকে বলেছিলেন, ‘মিডল অর্ডারে জায়গাই নেই, ওপেনিংয়ে চেষ্টা করে দেখতে পারো।’ ডুমিনির চোট মিডল অর্ডারেই এনে দিল সুযোগ। কাজেও লাগালেন দারুণভাবে। হাডসন ও ফন জিলের মাঝে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকে আর সেঞ্চুরি করেছেন জ্যাক রুডলফ, ফাফ ডু প্লেসি ও আলভিরো পিটারসেন।
ফন জিল সেঞ্চুরি ছোঁয়ার আগেই আমলা ছুঁয়েছেন ডাবল, ৩৫৯ বলে। তিনটি ডাবল সেঞ্চুরিতে ছুঁলেন গ্যারি কারস্টেনকে, দেশের হয়ে ওপরে শুধু গ্রায়েম স্মিথ (৫টি)। দেড় শ ছাড়িয়ে ডি ভিলিয়ার্স আউট হয়েছেন সুলিমান বেনকে ইনসাইড আউট খেলতে গিয়ে। চোটে কেমার রোচ বোলিং করতে না পারায় একদমই ধারহীন ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের জন্য আজ কঠিন পরীক্ষা! ক্রিকইনফো।