
রাজকোটে হাসিব হামিদ, ক্রাইস্টচার্চে জিৎ রাভাল। প্রথমজন ইংল্যান্ডের, অন্যজন নিউজিল্যান্ডের। ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার একটা জায়গায় মিলে গেলেন টেস্ট অভিষেকে। রাজকোটে ভারতের বিপক্ষে অভিষেক হামিদের, ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে রাভালের। অভিষেক টেস্টে দুজনেই নিয়েছেন ৪টি করে ক্যাচ। দুজনেই প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১টি করে ক্যাচ। রাভাল তো টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডই করে ফেললেন (উইকেটকিপারের বাইরে)। রাজকোটে আরেকটা ক্যাচ নিলেই অভিষেকে ইংল্যান্ডের রেকর্ডটা ছুঁতে পারতেন হামিদ। ২০০৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে ৫টি ক্যাচ নিয়েছিলেন পল কলিংউড। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটা ভারতের যজুর্বেন্দ্র সিংয়ের। ১৯৭৭ সালে বেঙ্গালুরুতে যজুর্বেন্দ্রের কীর্তিটা এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড হিসেবেও টিকে ছিল গত বছর পর্যন্ত। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৮ ক্যাচ নিয়ে তাঁকে পেছনে ফেলেন স্বদেশি অজিঙ্কা রাহানে। তবে অভিষেকের কীর্তিটা এখনো তাঁরই।