
আবহাওয়ার পূর্বাভাসে ছিল বিকেলে হবে বজ্রবৃষ্টি। দুপুরের পর পরই ব্রিসবেনের আকাশ ছেয়ে গেল কালো মেঘে। ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা হলো কিছুক্ষণ। আলোর স্বল্পতায় তবু দিনের খেলা শেষ করতে হলো ঘণ্টা খানেক আগেই। বিকেল-সন্ধ্যায় প্রচণ্ড ঝড় ও বজ্রবৃষ্টি কাঁপিয়ে দিল ব্রিসবেন শহর ও উপকণ্ঠ। ব্রিসবেন টেস্টেও এখন এমন একটি ঝড়ের অপেক্ষা, যে কাঁপুনিতে ম্যাচ হেলে পড়বে কোনো এক দিকে!
গ্যাবায় প্রথম দিনটি ছিল ভারতের। কাল লড়াই হলো জমজমাট। ৪ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করা ভারতকে আর ১০০ রানও করতে দেয়নি অস্ট্রেলিয়া। পরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও লাগাম হাতে নিতে পারেনি পুরোপুরি। ওভারপ্রতি রান তুলেছে চারের বেশি, তবে উমেশ যাদবের গতির তোপে গড়ে ওঠেনি বড় কোনো জুটি। চার ব্যাটসম্যান আউট হয়েছেন থিতু হয়ে। দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া পিছিয়ে ১৮৭ রানে। একটি-দুটি বড় জুটিতে অস্ট্রেলিয়া ধরতে পারে ম্যাচের রাশ। আজ সকালে একটি-দুটি উইকেটে আবার অস্ট্রেলিয়ার লেজের দেখা পেয়ে যেতে পারে ভারত।
অস্ট্রেলিয়ার ভরসা হয়ে দিন শুরু করবেন দলের অধিনায়ক। দেড় বছর ধরেই স্টিভেন স্মিথের ব্যাটে রানের জোয়ার। অধিনায়কত্বের ভারও তাতে ভাটার টান আনতে পারেনি। বরং কালকের স্মিথ আরও নিখুঁত, আরও আত্মবিশ্বাসী, আরও দৃষ্টিনন্দন। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার শুরু করেছিলেন নিজের মতোই। কিন্তু লেগ স্টাম্পে থাকা শর্ট বলে ক্যারিবিয়ান পুল খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন যাদবকে। আরও একবার ২০ পেরিয়ে উইকেট ছুড়ে এসেছেন শেন ওয়াটসন। ফিফটি করে আরও একটি টেস্টে জায়গা নিরাপদ করেছেন ক্রিস রজার্স, কিন্তু দলকে নিতে পারেননি নিরাপদ জায়গায়। যাদবের লেগ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড। অস্ট্রেলিয়া তখন যথেষ্ট বিপদে। কিন্তু একজন স্মিথ তো আছেনই! প্রয়োজনে যিনি ঢাল হয়ে রক্ষা করেন দলকে, সময়মতো তলোয়ার হয়ে কচুকাটা করেন প্রতিপক্ষকে!
ক্লার্ক না থাকায় উঠে এসেছেন চারে, এত ওপরে ব্যাটিং করেছেন ক্যারিয়ারে একবারই। কিন্তু অস্বস্তির লেশমাত্র নেই ব্যাটিংয়ে। শন মার্শকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েছেন ৮৭ রানের জুটি। ৩২ রানে সহজ ক্যাচ দিয়েও ভারতের সেরা ফিল্ডার অজিঙ্কা রাহানের হাতে বেঁচে গিয়েছিলেন মার্শ, পরের ওভারে স্লিপে দারুণ ক্যাচ নিয়ে জুটি ভেঙেছেন অশ্বিন। বল হাতেও অশ্বিন কাল শুরু থেকেই ছিলেন দারুণ। কিন্তু এখানেও এক ধাপ এগিয়ে স্মিথ, অশ্বিনকে এক ওভারেই ডাউন দ্য উইকেটে এসে দুটি ছক্কায় আলগা করে দিয়েছেন ফাঁস। বড় মার্শ ফেরার পর এসেছেন ছোট মার্শ, যাঁকে নিয়ে আজ স্মিথের এগিয়ে যাওয়ার লড়াই।
কালকের সকালটি ছিল জশ হ্যাজলউডের। আগের দিনও অস্ট্রেলিয়ার সেরা বোলার, কিন্তু পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দুই দফা। কাল সকালেই দারুণ এক আউট সুইঙ্গারে ভেঙে দিয়েছেন রাহানের সেঞ্চুরির আশা। আরেক অপরাজিত ব্যাটসম্যান রোহিতও শিকার আউট সুইঙ্গারে, স্লিপে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন স্মিথ। সপ্তম উইকেটে প্রতি-আক্রমণে ৫৭ রানের জুটি গড়েছিলেন ধোনি ও অশ্বিন। দুজনকেই ফিরিয়ে অভিষেকে ৫ উইকেটের গৌরবে হেসেছেন হ্যাজলউড। ছয়টি ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ান রেকর্ড ছুঁয়েছেন ব্র্যাড হাডিন। আজ হাডিনের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দল। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।