অভিষেকেই জেনিংসের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিটন জেনিংস
কিটন জেনিংস

কিটন জেনিংস কি কাল করুণ নায়ারকে একটু ধন্যবাদ দিয়ে এসেছেন? দিতেই পারেন! দিনের চতুর্থ ওভারে নায়ার ঝাঁপিয়ে যে চেষ্টা করেছিলেন, তাতে সফল হলেই তো আর এমন ইনিংস খেলা হয় না জেনিংসের। রেকর্ডেও নাম লেখানো হয় না তাঁর। ১৯তম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেছেন জেনিংস। প্রথম দিন শেষ শেষে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে—৫ উইকেটে ২৮৮ রান সফরকারীদের।
গালিতে নায়ারের ওই চেষ্টাটা যখন ব্যর্থ হলো, তখনো জেনিংসের নামের পাশে শূন্য। জীবন ফিরে পেয়েই হাত খুলল দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত বাঁহাতি ওপেনারের। ওই ওভারের শেষ দুই বলে চার দিয়ে শুরু হলো তাঁর আন্তর্জাতিক ক্রিকেট-যাত্রা। চা-বিরতির একটু আগে আরেকটি চার দিয়ে পেয়ে গেলেন সেঞ্চুরিটাও। ক্যামেরা তখন খুঁজে নিল গ্যালারিতে বসে থাকা একজনকে, ব্যান্ডেজ পরা হাতেই তালি দিচ্ছেন হাসিব হামিদ। তাঁর হাতের চোটই দলকে বাধ্য করেছে ইংল্যান্ড থেকে জেনিংসকে উড়িয়ে আনতে।
তবে জেনিংসের এই ইনিংসের পরও শেষ সেশনে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হঠাৎ বিপাকে পড়ে গেছে ইংল্যান্ড। যদিও ২৪৯ রানে পঞ্চম উইকেট হারানো দলকে স্বস্তি দিয়ে বাকি সময়টা পার করেছেন বেন স্টোকস ও জস বাটলার।
বদলি আম্পায়ার
দিনের ৪৯তম ওভারে ডিপ স্কয়ার লেগ থেকে থ্রো করেছিলেন ভুবনেশ্বর কুমার। সেটা চেতেশ্বর পূজারার কাছে না গিয়ে আম্পায়ার পল রাইফেলের ঘাড়ে লাগে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, দিনের বাকি সময়টা আম্পায়ারিং করেছেন মারাইস ইরাসমাস। ক্রিকইনফো।