অভিষেকেই ত্রিশতক, বিশ্ব রেকর্ড সাকিবের
আইপিএলের নিলাম আরও সপ্তাহখানেক পর কেন হলো না, এমনটি ভেবে বিহারের সাকিবুল গনি মাথা চাপড়াতেই পারেন!
ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন বিহারের এই ক্রিকেটার। নেমেছিলেন মিজোরামের বিপক্ষে। কে ভেবেছিল, অভিষেকেই এমন অবিশ্বাস্য কীর্তি করবেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান?
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ত্রিশতক করার কৃতিত্ব গড়েছেন সাকিবুল গনি। আইপিএলের নিলাম আর সপ্তাহখানেক পর হলে এই কীর্তির জন্যই হয়তো কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির ডাক পেয়ে যেতেন এই ডানহাতি ব্যাটসম্যান!
বিহার বনাম মিজোরাম ম্যাচটা হচ্ছে কলকাতায়। বাঙালি দর্শকদের সামনে ৩৮৭ বলে ৩০০ রান স্পর্শ করেন এই ব্যাটসম্যান। চমকে দেবে তাঁর বাউন্ডারির সংখ্যাও। ত্রিশতকের পথে এই ব্যাটসম্যান অর্ধশতবার চার মেরেছেন যে!
অর্থাৎ, ৩০০ রানের মধ্যে ২০০ রানই এসেছে বাউন্ডারিতে। প্রথম শ্রেণির অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটা অবশ্য আগেই করেছিলেন সাকিব। ২০১৮-১৯ মৌসুমে মধ্যপ্রদেশের হয়ে হায়দরাবাদের বিপক্ষে অভিষেকেই ২৬৭ রান করেছিলেন অজয় রোহেরা। এত দিন সেটাই ছিল অভিষেকে করা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ত্রিশতকের আগে যে রেকর্ডটা নিজের করে নিয়েছেন সাকিব।
গতকাল দিল্লির হয়ে অভিষেকেই শতক হাঁকিয়েছেন ভারতকে সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক যশ ধুল। প্রতিপক্ষ তামিলনাড়ু। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে দুটি শতক করলেন এই ব্যাটসম্যান।
গত সপ্তাহেই যশ ধুলকে আইপিএল নিলামে দলে ভিড়িয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। আইপিএল নিলামে অংশ নিতে হলে অন্তত একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়, অথবা বয়স হতে হয় আঠারোর বেশি। বয়সে সমস্যা না হলেও, সাকিব নিলামে ওঠেননি প্রথম শ্রেণির ম্যাচ না খেলতে পারার কারণেই।
সে আক্ষেপটা ঘুচে গেছে বিহারের হয়ে মিজোরামের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই। আইপিএল-আক্ষেপটাও হয়তো ঘুচত, ম্যাচটা সপ্তাহখানেক আগে হলে!