অভিষেকেই রাবাদার ইতিহাস

‘ইস, রাবাদা না কি যেন নাম! ও তো ধ্বংস করে দিচ্ছে সব।’
বৃষ্টি-বাধা পেরিয়ে খেলা শুরু হতেই গ্যালারিতে এক দর্শকের কানে ফোন। ও প্রান্তের শ্রোতাকে বুঝিয়ে বলছিলেন ম্যাচের অবস্থা। অনুমান করা যায় ও প্রান্তের প্রতিক্রিয়া, ‘রাবাদা! এটা আবার কে! এর নাম তো শুনিনি! ’
মাঠের বাইরে থেকে শুনেই যদি কেউ বিস্মিত হন, তাহলে মাঠে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসারের উইকেট শিকার দেখে গ্যালারিতে কাঁপনই ওঠে। ‘এত কষ্ট করে এলাম, আর তোমরা এভাবে আউট হয়ে যাচ্ছ!’ তামিম, লিটন আর মাহমুদউল্লাহর উদ্দেশেই হয়তো বিড়বিড় করেছেন অনেকে। কাগিসো রাবাদার প্রথম তিন শিকার। পরপর তিনটি বলে। হ্যাটট্রিক!
ততক্ষণে গ্যালারিতে অনেকটা শোকের মাতম। আজও বোধ হয় হচ্ছে না! ভারতের সঙ্গে শেষ ওয়ানডেতে হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে বিনা লড়াইয়ে হার। প্রথম ওয়ানডেও যদি ১৭ রানে তিন উইকেট যায়, তাহলে আর কীভাবে হবে! আশার সলতে জ্বালিয়ে রাখা কঠিন। গোটা মিরপুর তখনই অনেকটা স্তব্ধ। আশার নৌকা ভাসিয়ে তবু ২২ গজে চোখ নিবিষ্ট সবার। সাকিব এসে কিছু সময় থাকলেন উইকেটে। মুশফিকের সঙ্গে তাঁর ৫৩ রানের জুটিটি গ্যালারিতে করতালির আওয়াজ তুলেছে। ইনিংস সর্বোচ্চ ৪৮ রানের পথে সাকিব কিছু শটও খেললেন। পাঁচটি চার। আহা, একটু আনন্দ!
সেই আনন্দে জল ঢালতেই মাঠে নেমেছিলেন রাবাদা, শিকারের নেশা পেয়ে বসল তাঁকে। তামিম লাইন মিস করে বোল্ড। অন্যরাও ব্যর্থ ধৈর্যের পরীক্ষা দিতে। যেভাবেই হোক, রাবাদার আন্তর্জাতিক ক্যারিয়ারের উষালগ্নেই আলোর রেখা। চেহারায় কৈশোরের ছাপ। চট করে দেখলে কেউ বুঝতেই পারবেন না ভেতরে আগুন ছিল। কিন্তু প্রতিভার বিস্ফোরণ ঘটতে সময় লাগল না।
গত যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন ২৫ রানে ৬ উইকেট তুলে। বাংলাদেশে এসে খেলেছেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট। ২০ বছরের তরুণের হাতেই ধ্বংস বাংলাদেশের ব্যাটিং! সাম্প্রতিক সাফল্যের ভিত্তি তৈরি করতে যে ব্যাটিং রেখেছে বড় ভূমিকা।
বাংলাদেশের ক্রিকেট জনতার কজনই বা নামটা ঠিকমতো জানেন! কিন্তু হাজারো বিপত্তি পেরিয়ে মাঠে এসে দেখতে হলো দুই বছর আগে মাধ্যমিক উত্তীর্ণ রাবাদার বলের আগুন। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় জমে গেছে পানি, তবু খেলা দেখতেই হবে। প্যান্ট গুটিয়ে অনেকেই মিরপুরের রাস্তা দিয়ে হেঁটে এলেন স্টেডিয়ামে। বাংলাদেশের আরেকটি জয় দেখবেন, বৃষ্টিস্নাত উৎসব হবে। এমন স্বপ্ন দেখা লোকের অভাব ছিল না।
সবকিছু থেমে গেল রাবাদার কাছেই। রোজার দিন, খানিক পরই ইফতার। সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অনেক। খেলা এগিয়ে গেল। বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৬০ রানে। ২১ বল বাকি থাকতেই। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে অনেকেরই দীর্ঘশ্বাস। হারটা মাঠে বসে দেখতে পারবেন না বলে কেউ কেউ ‘শঙ্কা’ নিয়ে ধরলেন বাড়ির পথ। টিভিতে দেখবেন বাকিটা, কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা দ্রুতই খেলাটা শেষ করে দেবেন না তো!
কিন্তু ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের পথে এগোয়নি দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্য, তাড়াহুড়োর কিছু নেই। বাংলাদেশের ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করে আত্মাহুতি দিতে পারেন, দক্ষিণ আফ্রিকানরা তা নয়। পার্থক্য এখানেই।
ও হ্যাঁ, বড় পার্থক্য তো রাবাদাই। তামিম-মাহমুদউল্লাহদের মুখের হাসিই শুধু কাড়েননি, গোটা বাংলাদেশকেও ঢেকে দিয়েছেন নিরাশার চাদরে।