অভিষেকেই সেঞ্চুরি আফিফের

অভিষেকে তাহলে সবাইকে চমকে দিতে ভালোবাসেন আফিফ হোসেন? সর্বশেষ বিপিএলে নিজের টি-টোয়েন্টি অভিষেকে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দেন রাজশাহী কিংসের ১৭ বছর বয়সী অফ স্পিনার। কাল চট্টগ্রামে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকেও চমক দেখিয়েছেন আফিফ। সেটি এবার ব্যাট হাতে। সেঞ্চুরিতে আফিফের প্রথম শ্রেণির অভিষেক!
চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে আফিফের সেঞ্চুরি ও ইমতিয়াজ হোসেনের ৮১ রানের সুবাদে ৩ উইকেটে ২৯৩ রান তুলে দিন শেষ করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। নাসির হোসেনের বলে আউট হওয়ার আগে আফিফ করেছেন ১০৫ রান। আসিফ আহমেদের (জানুয়ারি ২০১০, জাতীয় লিগে) পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণিতে অভিষেকে পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি করলেন এই ওপেনার।
‘অভিষেকে কীভাবে যেন ভালো হয়ে যায়! আমার কাজ খেলা। মাঠে নামলে চেষ্টা করি খেলায় পুরো মনোযোগ দিতে। অভিষেকের স্নায়ুচাপ আমার মধ্যে খুব একটা কাজ করে না।’ মুঠোফোনে অভিষেকে ভালো করার রহস্য নিয়ে বলছিলেন আফিফ। গেইল-তামিমদের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ৫ উইকেট পাওয়াটা বিশেষ স্মরণীয় হয়ে থাকলেও আফিফকে বেশি আনন্দ দিচ্ছে এই সেঞ্চুরিটা, ‘আগেই বলেছি আমি মূলত ব্যাটসম্যান। ৫ উইকেটের চেয়ে এই (কাল) সেঞ্চুরি বেশি এগিয়ে থাকবে।’
ফতুল্লায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে শুভাগত হোমের দুর্দান্ত বোলিংয়ে দিনটা হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলের। ৪০ রানেই দক্ষিণাঞ্চলের দুই ওপেনারকে এলবিডব্লু করেন শুভাগত। ১১২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণাঞ্চলকে কিছুটা ফিরিয়ে আনে পঞ্চম উইকেটে আল আমিন-তুষার ইমরানের ৯১ রানের জুটি। শরিফউল্লাহর বলে এলবিডব্লু হওয়ার আগে তুষার করেছেন ৮১। ৮৩.৫ ওভারে দক্ষিণাঞ্চল অলআউট ২৬০ রানে। ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন শুভাগত।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল, চট্টগ্রাম n পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৩/৩ (ইমতিয়াজ ৮১, আফিফ ১০৫, জাকির ৪৮*, তাসামুল ৩৪, ইয়াসির ১০*; ইয়াসিন ২/৩৪, নাসির ১/৩০, নাঈম ০/১০)।
দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল, ফতুল্লা n দক্ষিণাঞ্চল১মইনিংস: ৮৩.৫ ওভারে ২৬০ (তুষার ৮১, সোহাগ ৪৩, মিঠুন ৪২, শাহরিয়ার ১৯; শুভাগত ৬/৯১, আবু হায়দার ২/৩৪, শরিফউল্লাহ ২/৪৮)।
মধ্যাঞ্চল১মইনিংস: ৪ ওভারে ৪/০ (সাদমান ৩*, মজিদ ০*; মোস্তাফিজ ৩/০, রুবেল ১/০, রাজ্জাক ০/০)।