অম্লমধুর অভিষেক জুবায়েরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেন।
জুবায়ের হোসেন।

এ বছর বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে চারজনের। ওয়ানডেতে আরও কম—দুজনের। সে তুলনায় টি-টোয়েন্টিতে অভিষেক একটু বেশিই। এ পর্যন্ত পাঁচজনের মাথায় উঠল অভিষেকের টুপি।
প্রতিটি সিরিজেই দেখা গেছে নতুন মুখ। সর্বশেষ সংযোজন জুবায়ের হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ জনের দলে ছিলেন। তবে সুযোগ পাননি একটি ওয়ানডেতেও। টি-টোয়েন্টির একাদশে তাই জুবায়েরের ঢুকে পড়াটা খানিকটা অবাক হওয়ার মতোই!
টেস্টে মোটামুটি নিয়মিত মুখ হলেও এ বছর রঙিন পোশাকে খেলেছেন মাত্র একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ওয়ানডেতে বল করার সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ ওভার।
টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো বাঁহাতি স্পিনার ছাড়া খেলতে নামল বাংলাদেশ। অথচ টেস্ট-ওয়ানডের মতো এ সংস্করণেও বাংলাদেশ–জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনাররা। দলে যে একেবারে বাঁহাতি স্পিনার ছিল না, তা নয়। আরাফাত সানি খেলেছেন দুই দিন আগে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই।
জুবায়েরকে একাদশে নেওয়ায় অধিনায়কের প্রধান যুক্তি, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবাইকে একটু পরখ করে নেওয়ার দরকার, ‘সবাইকে দেখার এটাই শেষ সুযোগ। সানি বাংলাদেশ দলের এখন অন্যতম সেরা বোলার। এটা প্রথম ম্যাচ ছিল বলে জুবায়ের একটু চাপে ছিল। দ্বিতীয় ম্যাচ হলে কিছুটা নির্ভার থাকত। চাপের মধ্যেই খেলোয়াড়কে দেখার সুযোগ থাকে। তবে ওর প্রথম ওভারটা কঠিন ছিল।’
ক্যারিয়ারে এটিই জুবায়েরের প্রথম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ওভারেই তাঁকে খানিকটা স্নায়ুচাপে ভুগতে দেখা গেল, দিয়ে ফেললেন দুই ছক্কা ও একটি চার মিলিয়ে ১৭ রান। দলের দশম ওভারে প্রথম বল হাতে নেন জুবায়ের, ১৬তম ওভারে আবার তাঁকে ডেকে নেন অধিনায়ক। আর এই ওভারটিতে ৩ রানে পেয়েছেন ২ উইকেট। টি-টোয়েন্টিতে এমন সিদ্ধান্ত নিতে অধিনায়ককে একটু বেশিই সাহসী হতে হয়। সেই সাহসটা দেখিয়ে মাশরাফি ভুল করেননি, ‘যদি আমার মূল বোলারকে বোলিং না দিই তাহলে তাকে নেওয়ার কোনো মানে নেই। আগেও বলেছি, ওকে বোলিং দেওয়ার সময় পুরো আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছি। ও যেটাই করুক আমাকে মেনে নিতে হবে। সে ভালো বল করেছে।’
একটু খরুচে হলেও জুবায়েরের অভিষেকটা শেষ পর্যন্ত ভালোই হলো। ২ ওভারে ২০ রানে পেয়েছেন ২ উইকেট, টি-টোয়েন্টি অভিষেকে যেটি বাংলাদেশের পঞ্চম সেরা বোলিং।