অর্জনও দেখছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

কাল বিকেলে ফ্লাইট। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ভারতে উড়ে যাবেন আইপিএল খেলতে। সেই গোছগাছ আর যাওয়ার আগে ব্যক্তিগত কিছু কাজ সারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা সেভাবে দেখতে পারেননি সাকিব আল হাসান।
অবশ্য বিশ্ব ক্রিকেটের বিভিন্ন শাখা-প্রশাখায় ওয়েস্ট ইন্ডিজ দলের উত্থান বুঝতে কোনো একটা ম্যাচে চোখ না রাখলেও চলে। একটা দল একই বছরে জিতল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পণ্যদূত হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবও বললেন সে কথাই, ‘ফলাফল দেখলেই ওদের উত্থানটা বোঝা যায়। গত কয়েক মাসে তারা সবদিক দিয়েই যেরকম পরিপূর্ণ হয়ে উঠেছে, সেটা কল্পনারও অতীত। টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেও কেউ তাদের ফেবারিট ভাবেনি।’ পর পর তিনটি বৈশ্বিক ট্রফি জয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আত্মবিশ্বাসী চরিত্রটাই ফুটে উঠেছে বলে মনে করেন এই অলরাউন্ডার।
সুপার টেনে কোনো ম্যাচ না জিতলেও বিশ্বকাপ থেকে বাংলাদেশের অর্জনও দেখেন সাকিব, ‘বিশ্বকাপ থেকে আমরা ভবিষ্যতের জন্যও কিছু পেতে পারি। বিশ্ব ক্রিকেটে আমরা এখন যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে ভালো বোলিং ফিগার আমাদের দলের ক্রিকেটারদের—এটাই তার প্রমাণ।’ এমনকি বিশ্বকাপের সেরা ক্যাচটাও বাংলাদেশের সৌম্য সরকারেরই নেওয়া বলে তাঁর বিশ্বাস। ‘বিশ্ব ক্রিকেটে আমরা কতটা উন্নতি করেছি, এসব তারই প্রমাণ। আমাদের হয়তো আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমরা ঠিক পথেই আছি’—বলেছেন সাকিব।