কাউকে বিমুখ করেন না ওয়াসিম আকরাম। কেউ তাঁর কাছে গেলেই বোলিং টোটকা দেন। ভারতীয় বোলাররা তো হরহামেশাই তাঁর পরামর্শ নিয়ে থাকেন। তবে পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের অনুশীলনের ফাঁকে ঘটল উল্টো ঘটনা। মাঠের এক পাশে অনুশীলন করছিল ১৫ বছরের এক কিশোর। পাকিস্তানের বোলিং কিংবদন্তি নিজে থেকেই এগিয়ে গেলেন তার দিকে। কে এই সৌভাগ্যবান কিশোর? অর্জুন টেন্ডুলকার। আকরাম যখন টিপস দিচ্ছেন অর্জুনকে, পাশে দাঁড়িয়ে তার বাবা শচীন টেন্ডুলকার। অর্জুনের মধ্যে বোলিং প্রতিভাও দেছেন আকরাম, ‘গত গ্রীষ্মে ইংল্যান্ডে এক প্রদর্শনী ম্যাচে অর্জুনকে দেখি আমি। ওর বোলিংয়ের সময় দাঁড়িয়ে ছিলাম মিড অনে। সে সম্ভবত ব্রায়ান লারাকে আউট করেছিল। ওর বয়স ১৫, শেখার আগ্রহ প্রবল। বাঁহাতি মিডিয়াম পেসার। আমি তার অ্যাকশন এবং বলের সুইং নিয়ে তার সঙ্গে কথা বলেছি। কথা বলেছি ফিটনেস নিয়েও।’ আইএএনএস।