অর্থ-যশের বদলে জুনিয়র ক্রিকেটকেই বেছে নিলেন দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল দ্রাবিড়কেই কোচ হিসেবে চেয়েছিল বিসিসিআই। ফাইল ছবি
রাহুল দ্রাবিড়কেই কোচ হিসেবে চেয়েছিল বিসিসিআই। ফাইল ছবি

ভারতের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন অনিল কুম্বলে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান চাইছিলেন রাহুল দ্রাবিড়কেই। কিন্তু ভারতের কোচ হিসেবে লোভনীয় অঙ্কের বেতন কিংবা যশ-খ্যাতির বদলে দ্রাবিড় বেছে নিয়েছেন জুনিয়র ক্রিকেট। তারকা ক্রিকেটারদের নিয়ে দল পরিচালনার চেয়ে আগামীর তারকা তৈরিতেই বেশি আগ্রহ তাঁর। এ কারণেই জাতীয় দলের কোচ হতে চাননি এই সাবেক ব্যাটসম্যান।

বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর নিজেই জানিয়েছেন এই তথ্য। ৫৭ জন প্রার্থীর তালিকা থেকে ২১ জনকে বেছে নিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটি সাক্ষাৎ​কার নিয়েছে। এরপর সেখান থেকেই কুম্বলের নাম সুপারিশ করেছে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত এই কমিটি। তবে অনুরাগ জানিয়েছেন, এসবের কিছুই দরকার হতো না যদি বোর্ডের প্রথম পছন্দ দ্রাবিড় কোচ হতে রাজি হতেন।

জুনিয়র দলের​ কোচ হিসেবে গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশে এসেছিলেন দ্রাবিড়। দলকে ফাইনালে নিয়ে গেলেও ট্রফি জেতাতে পারেননি। তবে আগামীর তারকারা দ্রাবিড়ের মাপের একজনের কাছ থেকে নিজেদের গড়ে তোলার বয়সেই সাহচর্য পাচ্ছে। এটা তাদের জন্য অনেক বড় পাওয়া। দ্রাবিড়ও এই দায়িত্বে খুশি। তা ছাড়া জুনিয়র দলে দায়িত্ব নিলে ব্যস্ততা ততটা হবে না, যতটা জাতীয় দলের কোচ হলে হবে। সব মিলিয়ে এখনই তাই মূল দলের দায়িত্ব নেননি দ্রাবিড়।

এনডিটিভিকে অনুরাগ বলেছেন, ‘ভারতীয় দলের কোচ হতে দ্রাবিড়কে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। বলেছেন জুনিয়র দলের সঙ্গেই কাজ করবে। দ্রাবিড়ের এটাই ভালো দিক। সিনিয়র দলের দায়িত্ব, অনেক টাকা এসবের কোনোটার পেছনেই তিনি যাননি। জুনিয়র দলের হয়েই তিনি কাজ করতে চেয়েছেন।’