অর্থেই ক্রিকেটের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে অর্থের ঝনঝনানি গ্লেন ম্যাকগ্রা নিজেও টের পেয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে এসে দেখেছেন টি-টোয়েন্টির উত্থান। হঠাৎই ক্রিকেটে অর্থের এমন জোগানের সুবিধাভোগী ম্যাকগ্রা নিজেও। আইপিএলের প্রথম দুই আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন। ক্রিকেটারদের অর্থপ্রাপ্তিতে আপত্তি নেই তাঁর। কিন্তু অর্থেই অনর্থ হওয়ার শঙ্কায় ভুগছেন ম্যাকগ্রা।
সর্বকালের অন্যতম সেরা এই ফাস্ট বোলার মনে করেন, টাকাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে গিয়ে ক্রিকেটাররা নিজেদের ক্ষতি করছে, ‘বর্তমানে ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হলো, বিশ্বজুড়েই খেলোয়াড়েরা কষ্ট করতে চায় না। আইপিএল কিংবা বিগ ব্যাশের মতো প্রতিযোগিতায় একটু ভালো করলেই মনে করে সব পেয়ে গেছি এবং আর পরিশ্রম করে না, অনুশীলন করতে চায় না।’
একটি পেস বোলিং ক্লিনিক চালাতে ভারতে এসে ম্যাকগ্রা বলেছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলোয়াড়দের অর্থলোভী করে দিচ্ছে। সাময়িক সাফল্য তাঁদের পরিশ্রম করা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলেই ম্যাকগ্রার ধারণা, ‘তরুণ বোলারদের মধ্যে অবশ্যই পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যে পর্যায়ে এসেছে সেটি ধরে রাখতে বাড়তি কাজ করতে হবে। সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ নেই। অনেক তরুণকে দেখছি, একটা পর্যায়ে এসে একটু ভালো আয় করতে শুরু করে; ব্যস পরিশ্রম শেষ। খুব সহজে অর্থপ্রাপ্তির সুযোগ ক্রিকেটারদের ধ্বংস করে দিচ্ছে।’
এর মানে এই নয় যে ক্রিকেটাররা অর্থ আয় করুক, তা চান না এই অস্ট্রেলিয়ান। তিনি শুধু আশা করেন, বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ভালো করাকে নয় জাতীয় দলে সুযোগ পাওয়াকেই প্রাধান্য দিক বর্তমান ক্রিকেটাররা, ‘আমার মতে অর্থকে কম গুরুত্ব দেওয়া উচিত। অর্থই সবকিছু নয়, আসল ব্যাপার হলো মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। নিজের উন্নতি করা, তাহলেই কখনো অর্থের অভাব হবে না। তরুণ ক্রিকেটারদের উচিত এই চিন্তা নিয়ে খেলা। তাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জাতীয় দলে খেলা।’ টেলিগ্রাফ ইন্ডিয়া।