অর্থের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার গন্ধ বড় চমৎকার...। সেই গন্ধে লাসিথ মালিঙ্গা এতটাই আকুল যে, ভুলে যেতে বসেছেন তাঁর হাঁটুর চোট, যে কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র একটি ম্যাচ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলেই ফিরে যেতে হয়েছে দেশে। দলের মূল বোলারকে ছাড়া দুটি টুর্নামেন্টেই ব্যর্থ শ্রীলঙ্কা। ঢাকায় এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। সেই ‘চোট জর্জর’ মালিঙ্গাই এবার খেলতে চান আইপিএল! কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাঁকে মনে করিয়ে দিয়েছে তাঁর চোটের কথা। এসএলসির প্রধান থিলাঙ্গা সুমাথিপালা সাফ জানিয়ে দিয়েছেন, আগে ফিটনেসের পরীক্ষা দিতে হবে মালিঙ্গাকে, তারপরই এসএলসি ভেবে দেখবে তাঁকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া যায় কি না। ‘আমাদের অনুমতি ছাড়া সে খেলতে যেতে পারে না। আমাদের উপেক্ষা করে যদি সে যায়, বেঞ্চে বসে থেকেই তাকে ফিরে আসতে হবে’—মালিঙ্গার বেছে বেছে টুর্নামেন্ট খেলার সিদ্ধান্তে ভীষণ নাখোশ সুমাথিপালা। আইএএনএস।