অর্ধেক পথেই থেমে গেল ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ ক্রিকেটে দেখা যাচ্ছে কথায় কথায় ম্যাচ স্থগিত হয়! এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আম্পায়ারদের হুমকি-ধমকি দেওয়ায় ম্যাচ স্থগিত হয়েছে। কাল ফতুল্লার আউটারে অবনমন পর্বে র‍্যাপিড ফাউন্ডেশনের বিপক্ষে আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ম্যাচ বয়কট করেছে বারিধারা ড্যাজলার্স!

বারিধারা আগে ব্যাটিং করে ৪৬.২ ওভারে অলআউট ১৬৩ রানে। জবাবে ১৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে র‍্যাপিড ফাউন্ডেশন ৪৬ রান তুলে ফেলার পর হঠাৎই বন্ধ হয়ে যায় খেলা, যেটি পরে আর শুরুই হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক রফিকুল ইসলাম বললেন, ‘বারিধারা আম্পায়ারিং নিয়ে অভিযোগ করে খেলা বয়কট করে। এখনো আমরা (কাল রাত ৮টা পর্যন্ত) ম্যাচ রেফারির রিপোর্ট পাইনি। তাঁর রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিকেএসপিতে অবনমন পর্বের আরেক ম্যাচে বাংলাদেশ বয়েজকে ২৮ রানে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘ। শাহরিয়ার ইসলামের ফিফটিতে ৪৯.১ ওভারে ধানমন্ডি অলআউট ১৯৪ রানে। জবাবে বাংলাদেশ বয়েজ ৪৫.৩ ওভারে অলআউট ১৬৬ রানে।