অলক কাপালির ডাবল সেঞ্চুরি

অলক কাপালির জন্যই অপেক্ষা করছিলেন অলক কাপালি! কথাটা কেমন হলো? সিলেট অধিনায়ক আগের দিন অপরাজিত ছিলেন ৫৬ রানে। আজ দ্বিতীয় দিনে লাঞ্চের পরই সেটিকে রূপ দেন তিন অঙ্কে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ততক্ষণে সিলেটের স্কোর ৪০০ পেরিয়েছে।
তবুও অলক থামেননি, এগিয়ে গেলেন আরও বড় লক্ষ্যে। চা বিরতির আগে পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি। ‘ডাবলে’র অপেক্ষা ফুরোতেই প্রথম ইনিংস ঘোষণা দিলেন সিলেট অধিনায়ক অলক। আগের দিন ইমতিয়াজের সেঞ্চুরি, আজ অলকের দ্বিশতকে চট্টগ্রামকে রানের বোঝা চাপিয়ে দিয়েছে সিলেট। ৭ উইকেটে ৫৫৫ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের রান ৩ উইকেটে ১০২।
অলক সেঞ্চুরি করেছেন ২০৪ বলে। চারের মার ৭টি আর ছক্কা ২টি। তিন অঙ্ক ছোঁয়ার পরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে চট্টগ্রামকে কাঁপিয়ে দেন। এই সময় চারের চেয়ে ছক্কা মারাতেই যেন তাঁর বেশি মনোযোগ ছিল। শতককে দ্বিশতকে নিয়ে যেতে খেলেছেন মাত্র ৬২ বল। অপরাজিত ২০০ রানের অসাধারণ ইনিংসটি সাজিয়েছেন ১২টি চারে, ছক্কা ১০টি।
জাতীয় লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনটা যেন ‘ডাবলময়’! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একই দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের সাইফ হাসান ও তাইবুর রহমান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বরিশালের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ঢাকা। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে মোহাম্মদ শরিফের দল। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বরিশাল প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে ৪ উইকেটে ৪৪।