অলক ছুঁলেন আশরাফুল-তুষারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলক কাপালি
অলক কাপালি

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হওয়া নিয়ে অনেক দিন ধরেই চলছে ‘প্রতিযোগিতা’। কদিন আগে মাত্র ৯ রানের জন্য রেকর্ডটা নিজের করে নিতে পারেননি তুষার ইমরান। ১৮ সেঞ্চুরি নিয়ে তুষার এখন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন। কাল ফতুল্লায় চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করে এই দুজনের পাশে বসলেন অলক কাপালি।
টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। অধিনায়ক কাপালির সেঞ্চুরি ও রাজিন সালেহর হাফ সেঞ্চুরির সুবাদে প্রথম দিনটা সিলেটেরই। ৫ উইকেটে তারা করেছে ২৮১ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে ২ উইকেট নিয়ে যা একটু সফল ইফতেখার সাজ্জাদ।
বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে ১৭২ রান তুলেছে রংপুর। ফরহাদ রেজা নিয়েছেন ৩ উইকেট। চা-বিরতির কিছু পরই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিবাধায়। দিনের খেলা হয়েছে ৫৪.২ ওভার।
কক্সবাজারে ঢাকা মহানগরের বিপক্ষে টসে জিতে প্রথম ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৬ রান তুলেছে খুলনা। উইকেটকিপার নুরুল হাসান অপরাজিত আছেন ৫৪ রানে। মহানগরের শহিদুল ইসলাম ও সৈকত আলী নিয়েছেন ২টি করে উইকেট।
কক্সবাজারের আরেক মাঠে ৪ রানের আফসোসে পুড়েছেন ঢাকা বিভাগের ওপেনার আবদুল মজিদ। রনি তালুকদারের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৭৬ রান। বাঁহাতি স্পিনার মনির হোসেনের বলে শাহরিয়ার নাফীসের ক্যাচ হওয়ার আগে মজিদের রান ৯৬। রনিও মনিরের শিকার, করেছেন ৮৪ রান। বরিশালের এই বাঁহাতি স্পিনার ৪ উইকেট নিলেও ৫ উইকেটে ২৮৩ রান করে দিনটা নিজেদের করে নিয়েছে ঢাকা বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট–চট্টগ্রাম, ফতুল্লা
সিলেট প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৫ (অলক ১০৫, রাজিন ৫১, জাকির ৩২; সাজ্জাদ ২/৭৮, সাঈদ ১/২৫, সাইফউদ্দিন ১/৩৮, বেলাল ১/৩৮)
খুলনা–ঢাকা মহানগর, কক্সবাজার
খুলনা প্রথম ইনিংস: ৬৪ ওভারে ১৫৬/৫ (নুরুল ৫৪*, জিয়াউর ৩৯*, এনামুল ১৯; শহিদুল ২/২৩, সৈকত ২/২৫, সানি ১/৪৮)
বরিশাল–ঢাকা বিভাগ, কক্সবাজার
ঢাকা প্রথম ইনিংস: ৭৯ ওভারে ২৮৩/৫ (মজিদ ৯৬, রনি ৮৪, তাইবুর ৩৩*; মনির ৪/৮০, গাজী ১/৭২)
রংপুর–রাজশাহী, বিকেএসপি
রংপুর প্রথম ইনিংস: ৫৪.২ ওভারে ১৭২/৬ (তানভীর ৫৩, সোহরাওয়ার্দী ৪৬*, আরিফুল ৩৯; ফরহাদ ৩/৪৫, মুক্তার ১/৩৯, মামুন ১/৪২)
বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি
ম্যাচ
১৮ মোহাম্মদ আশরাফুল ১৩৬
১৮ তুষার ইমরান ১৩৭
১৮ অলক কাপালি ১৩৭
১৭ রাজিন সালেহ ১৩৫