প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুল হকের অভিষেক সেই ২০০৮ সালে। কক্সবাজারের ছেলে মুমিনুল ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট প্রথম খেললেন এই ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক প্রথম ইনিংসেই বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে পেয়ে গেলেন সেঞ্চুরি। দুই ইনিংসে করলেন ১১২ ও ২৩ রান। কক্সবাজারে পরের দুই ম্যাচেও হাসল তাঁর ব্যাট, তবে হাসতে পারেননি মুমিনুল।
হাসবেন কীভাবে, আগের ম্যাচে ৮৯ রানে আউট হওয়ার পর কাল একাডেমি মাঠে ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি এই বাঁহাতি। মুমিনুল সেঞ্চুরি না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম সেঞ্চুরি করে অপরাজিত আছেন সতীর্থ অলক কাপালি। মুমিনুলের ৯৪ ও অলকের ১২১ রানে ভর করেই বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান পূর্বাঞ্চলের। ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল পূর্বাঞ্চল। অলক চতুর্থ উইকেটে মুমিনুলকে নিয়ে ১২৫ রান ও অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে সাইফউদ্দিনকে নিয়ে ১০২ রান যোগ করেন।
পাশের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবদুর রাজ্জাকের রেকর্ডের দিনে আবারও সেঞ্চুরি পেয়েছেন রকিবুল হাসান। ৫৫ রানেই নেই ৩ উইকেট, টস জিতে ব্যাটিং নিয়ে বিপদেই পড়েছিল রকিবুলের ওয়ালটন মধ্যাঞ্চল। এরপরই চতুর্থ উইকেটে রকিবুল-শুভাগতর ১১৩ রানের জুটি। শুভাগত ৫৩ রান করে আউট হওয়ার পর তানভীর হায়দারকে (৩৯) নিয়ে ৬৯ রান যোগ করার পর রাজ্জাকের শিকার হয়েছেন রকিবুল।
রকিবুলের উইকেটটি নিয়েই এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন রাজ্জাক। রাজ্জাকের প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে রকিবুলের মধ্যাঞ্চল ৫ উইকেটে তুলেছে ২৮৯ রান।