অলকের ডাবল সেঞ্চুরি

প্রথম ডাবল সেঞ্চুরিটা পেতে ১৪ বছর ও ১১৮ ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট খেলা সেই অলক কাপালি প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা পেয়ে গেলেন তিন ম্যাচ পরই। গত মার্চে জাতীয় লিগে সিলেটের হয়ে চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন অপরাজিত ২১১ রান। কাল চট্টগ্রামে বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে অলক করলেন ক্যারিয়ার-সর্বোচ্চ ২২৮ রান। তাঁর দল পূর্বাঞ্চল প্রথম ইনিংসে করেছে ৪৭৩। দ্বিতীয় দিন শেষে উত্তরাঞ্চল ১ উইকেট হারিয়ে তুলেছে ৬৩ রান।
আসিফ আহমেদের সঙ্গে পঞ্চম উইকেটে ১৯১ রান যোগ করা অলকের ৩৮২ বলের ইনিংসে চার ১৭টি, ছয় ৭টি। ৯ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেছেন অষ্টম প্রথম শ্রেণির সেঞ্চুরি পাওয়া আসিফ।
ফতুল্লায় প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট ওয়ালটন মধ্যাঞ্চল। ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দলটি
চার শ পেরিয়েছে নয় ও দশ নম্বর ব্যাটসম্যান মোশাররফ হোসেন (৮৯) ও ইলিয়াস সানির (৫৮*) সৌজন্যে। নবম উইকেটে ১৩৭ রান যোগ করেছেন বাঁহাতি স্পিনার হিসেবেই পরিচিত এই দুই ক্রিকেটার। দিন শেষে প্রতিপক্ষ প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল বিনা উইকেটে তুলেছে ১২৫ রান। ফিফটি পেয়ে গেছেন দুই ওপেনার শাহরিয়ার নাফীস (৫৯*) ও এনামুল হক (৬৬*)।