অলকের প্রথম ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় লিগে সেঞ্চুরির সংখ্যা ৫০ ছাড়িয়েছে ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনেই। কাল দ্বিতীয় দিন শেষে সংখ্যাটা ৫৩। সেঞ্চুরির পসরায় এবার ডাবল সেঞ্চুরি দেখাও কম মিলছে না। এই মৌসুমের অষ্টম ডাবল সেঞ্চুরিটা কাল করে ফেললেন অলক কাপালি। সিলেটের এই ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরিটা জাতীয় লিগের ইতিহাসে ২২তম।

অলক করেছেন অপরাজিত ২১১ রান। সেঞ্চুরি পেয়েছেন সতীর্থ রাজিন সালেহও (১১১)। জাতীয় লিগে সবচেয়ে বেশি ১৫টি সেঞ্চুরি এখন রাজিনের। এই দুই সেঞ্চুরিতে ফতুল্লায় ৮ উইকেটে ৫০৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সিলেট। দিন শেষে প্রতিপক্ষ চট্টগ্রাম ১ উইকেটে ৪৫।

মিরপুরে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৫ রানে। জবাবে দিন শেষে রংপুর ৫ উইকেটে করেছে ২৩১। ১২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলার পর হাল ধরেছেন ধীমান ঘোষ (৬৭*) ও আরিফুল হক (৫১*)।

বিকেএসপির দুই নম্বর মাঠে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৯ রান করে রাজশাহীর চেয়ে ৪৭ রানে এগিয়ে গেছে বরিশাল। এর আগে প্রথম ইনিংসে রাজশাহী করে ২৪৭। সোহাগ গাজী নিয়েছেন ৫ উইকেট। বিকেএসপির তিন নম্বর মাঠে খুলনার ৪১৬ রানের জবাবে ঢাকা মহানগর ৩ উইকেটে ১৮৬ রান করেছে।