অলকের ব্যাটে পুরানো সেই দিনের কথা...

বাংলাদেশের ক্রিকেটে প্রায় ভুলে যাওয়া একটি নাম অলক কাপালি। একটি হাহাকারের নামও। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের মিডল অর্ডার ভেঙে পড়লে এখনো হয়তো অলকের কথা মনে পড়ে দীর্ঘশ্বাস ফেলেন অনেকে।
এবারের বিপিএলেও খুব বেশি সুযোগ মেলেনি তাঁর। গ্রুপ পর্বে মাত্র ৪ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন তাও ব্যাটিং অর্ডারে এতটাই পরে নামতেন যে কোনো দিনই আসল অলকের দেখা মিলছিল না। কেবল সিলেট সুপার স্টারসের বিপক্ষেই একটু ওপরে উঠে ব্যাটিং করতে পেরেছিলেন, সেদিনই ৩২ রান করে বুঝিয়ে দিয়েছিলেন রানের ক্ষুধাটা আছে এখনো আগের মতোই। আর আজ ফাইনালে তো বুঝিয়েই দিলেন কেন বলা হয় ফর্ম নয়, ক্লাসটাই আসল।
২৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেছেন। পাঁচটি চার। গা-জোয়ারি ক্রিকেটের চেয়ে তাঁর ব্যাটিংয়ে এখনো ধ্রুপদি ছোঁয়া। আজ অলকের চেয়ে বেশি রান করেছেন ইমরুল কায়েস। সেটিও ৩৭ বলে ৫৩। ছয়টি চার ও তিনটি ছক্কাও মেরেছেন। কিন্তু সেই ইমরুলও মানবেন, সংখ্যা বোঝাতে পারছে না অলকের ইনিংসের মাহাত্ম্য।
জাতীয় দল থেকে ছিটকে গেছেন। ৩১ বছর বয়সে আর ফেরার স্বপ্নও হয়তো দেখেন না। কিন্তু আগের দুটো বিপিএলে যেভাবে খেলেছেন, তার সঙ্গে এবারের বিপিএলেও আলো ছড়াতে না পারা তাঁর ঘরোয়া ক্যারিয়ারটাকেও আরও শেষের দিকে টেনে নিয়ে যেত। ৯ বলে ২৩-এর স্নায়ু চাপ নয়, অলক তাই জিতেছেন আরও অনেক অনেক চাপ।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে বলেছেনও, ‘আগের দুই বিপিএলে ভালো খেলতে পারিনি। এবার ভালো খেলার জন্য আমার ওপর চাপ ছিল। এই ইনিংসটা খেলতে ভালো লেগেছে।’
ক্যারিয়ার শুরু থেকেই একটু চাপেই হুড়মুড় করে ভেঙে পড়া তখনকার বাংলাদেশকে অনেকবারই চরম লজ্জা থেকে বাঁচিয়েছেন অলক। চাপ জয় করার জন্য আলাদা পরিচিতিই ছিল অলকের। আজ ফাইনালের মতো ম্যাচে রান-বলের কঠিন সমীকরণের ভেতরেও একবারও মনে হয়নি অলক চাপ অনুভব করছেন। শেষ ওভারের প্রসঙ্গে বললেন, ‘এক ওভারে ১৩ আমার কাছে খুব কঠিন কিছু মনে হয়নি। সহজই লেগেছে। শেষ বলে এক রান নেওয়াটাও চাপের কিছু মনে হয়নি।’