অলক্ষুনে ১৬-ই অস্ট্রেলিয়ার ভয়ের কারণ

দুর্দান্ত এক সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে এসেছে অস্ট্রেলিয়াছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর আরেকটি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়ে সব আগ্রহে জল ঢেলে দিয়েছিল অজিরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি এমন কিছু হবে?

দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দেখলে এমন শঙ্কা জাগা অমূলক নয়। দুই দলের ফর্ম যেমনই হোক না কেন অস্ট্রেলিয়ার মুখোমুখি হলেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভেঙে পড়ে নিউজিল্যান্ড। তাসমানিয়ান প্রতিবেশীদের বিপক্ষে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে দেখা হলেই যে নিজেদের সেরাটার কথা ভুলে যায় নিউজিল্যান্ড। এমন এক ম্যাচে তাই পরিষ্কার ফেবারিট অস্ট্রেলিয়া। কিন্তু তাদের জন্য আজ ভয়ের কারণ ১৬ সংখ্যাটি।

আজও হ্যাজলউড মূল অস্ত্র অস্ট্রেলিয়ার
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দ্বৈরথে অস্ট্রেলিয়ার দাপট সংখ্যাই বলে দেয়। তিন সংস্করণ মিলে দুই দল ২১২ বার মুখোমুখি হয়েছে। তাতে ১৩৫ ম্যাচেই জয়ী অস্ট্রেলিয়া। বিশ্বকাপেও এটা পরিষ্কার। ১২ ম্যাচে ৮ বার বিজয়ী অস্ট্রেলিয়া, ৪ বার নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ২০১৬ সালে সে ম্যাচে বিজয়ী ছিল নিউজিল্যান্ড।

কিন্তু সে ম্যাচ ছিল সুপার টেনে। বাঁচা-মরার ম্যাচের ক্ষেত্রে নিউজিল্যান্ডের পরিসংখ্যান হতাশাজনক। দ্বিপক্ষীয় নয়, এমন যেকোনো টুর্নামেন্টে ফাইনাল বা অন্য নকআউট ম্যাচে দুই দলের খেলায় নিউজিল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮১ সালে! বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজের প্রথম ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই পরের তিন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।

ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড
ছবি: এএফপি

সেই যে শুরু, অস্ট্রেলিয়ার জয়যাত্রা চলছেই। দুই সংস্করণ মিলে গ্রুপ পর্বের নয়, এমন ম্যাচে নিউজিল্যান্ডে বিপক্ষে টানা ১৬ ম্যাচ ধরে জয়ী অস্ট্রেলিয়া। আর এই ‘১৬’ সংখ্যাই অস্ট্রেলিয়ার মনে ভয় ধরাতে পারে।

ক্রিকেটে অনেক সময় ভাগ্য ও কুসংস্কারকে বেশ গুরুত্ব দেন ক্রিকেটাররা। অনেক বিখ্যাত ক্রিকেটারকে ব্যাট, প্যাড, মোজা পরার ক্ষেত্রে কুসংস্কার মানতে দেখা যায়। সে ক্ষেত্রে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়াকে দুশ্চিন্তায় ফেলতে বাধ্য। স্টিভ ওয়াহর অধীনের সর্বজয়ী অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ জেতার পর টেস্টেও রাজত্ব করছিল। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের টানা টেস্ট জয়ের রেকর্ডটা কেড়ে নিয়েছিল দলটি। তাদের জয়যাত্রা থেমেছিল ভারতের সামনে, বিখ্যাত সেই ইডেন টেস্টে। সে হারেই অস্ট্রেলিয়ার জয়যাত্রা থেমেছিল ১৬ ম্যাচে।

স্টিভ ওয়াহর রেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিলেন তাঁর উত্তরসূরি। রিকি পন্টিংয়ের অধীনেও টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। সেই দলকেও থামতে হয়েছিল ১৭তম জয়ের দ্বারপ্রান্তে। অস্ট্রেলিয়ার জন্য তাই ১৬ সংখ্যাটি একটু অলক্ষুনে।

এই বিশ্বকাপেই ১৬ সংখ্যাটি তার ক্ষমতা দেখিয়েছে ক্রিকেটে। সেখানেও অস্ট্রেলিয়া জড়িয়ে আছে। সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৬টি ম্যাচ জিতেছে পাকিস্তান। তাদের ১৭তম ম্যাচটি ছিল এই বিশ্বকাপে সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচেই হেরেছে পাকিস্তান!