
মাহমুদউল্লাহর বলটা উড়িয়ে মারতে চেয়েছিলেন ইমরুল কায়েস। ডিপ মিড উইকেট থেকে ক্ষিপ্রগতিতে মিড উইকেটে ছুটে এসে অসাধারণ নৈপুণ্যে সেটি লুফে নিলেন আবদুর রহমান। ম্যাচটা ঘুরে গেল ওখানেই।
কাল বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে একটা সময় ব্রাদার্সের দরকার ছিল ৭৬ বলে ৮২ রান, হাতে ৮ উইকেট। দলের আশার বাতি হয়ে ৭০ রানে অপরাজিত তখন ইমরুল। তখনই রহমানের ওই মুগ্ধতা-জাগানিয়া ক্যাচ। এরপর ব্রাদার্স শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। অথচ দ্বিতীয় উইকেটে তুষার ইমরান-ইমরুলের ১০০ রানের জুটি বড় আশাই দেখাচ্ছিল দলকে।
শেখ জামাল-ব্রাদার্সের মোড়কে বিকেএসপি কাল দেখেছে জাতীয় দলের দুই তারকার লড়াই। নায়ক হতে পারতেন ইমরুল। কিন্তু শেখ জামালকে ম্যাচ জিতিয়ে নায়ক সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহই। আগের রাতে মাইগ্রেনের সঙ্গে ছিল জ্বর-সর্দি। শারীরিক অসুস্থতা নিয়েই প্রচণ্ড গরমে কাল যে ব্যাটিং ও বোলিং করলেন শেখ জামাল ধানমন্ডি অধিনায়ক, এককথায় দুর্দান্ত!
৪৭তম ওভারে সানজিত সাহাকে পয়েন্টে কাট করে তিন অঙ্ক ছুঁয়েছেন। বিকেএসপিতেই নিজেদের আগের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে মাহমুদউল্লাহ খেলেছিলেন ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। একই মাঠে ব্রাদার্সের বিপক্ষেও করলেন সেঞ্চুরি। বিকেএসপি যেন প্রিয় মাঠই হয়ে উঠেছে তাঁর!
পরশু বিকেলে প্রবল বৃষ্টির কারণে মাঠ তৈরি হতে খানিকটা দেরি হওয়ায় ব্রাদার্স-শেখ জামাল ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। প্রথমে ব্যাট করা শেখ জামাল ৫২ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। সিসিএসের বিপক্ষে ম্যাচটির মতোই কালও মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ তৃতীয় উইকেট-জুটিতে এগিয়ে নেন দলকে।
নাবিল সামাদের বলে মার্শাল ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত হলে জুটিটি ভাঙে ১১৯ রানে। মার্শাল ৮৪ বলে করেন ৫৪ রান। মাহমুদউল্লাহ অবশ্য ধৈর্যের পরিচয় দিয়ে উইকেটে থাকেন আরও কিছুক্ষণ।
৭২ বলে হাফ সেঞ্চুরি করলেও শেখ জামাল অধিনায়ক সেটি তিন অঙ্কে রূপ দিতে খেলেছেন আরও ৩৯ বল। বাউন্ডারির চেয়ে এক-দুই রানেই বেশি মনোযোগ ছিল মাহমুদউল্লাহর। বাউন্ডারি থেকে তুলেছেন ৩৮ রান, বাকি ৬৯ দৌড়ে। মিলিন্দ কুমারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ঝকঝকে ইনিংসটি শেষ হলেও শেখ জামালের জয়ের ভিত গড়া হয়ে গেছে ততক্ষণে।
অনবদ্য সেঞ্চুরির পর অসাধারণ বোলিংয়ে পেয়েছেন ৩ উইকেট—মাহমুদউল্লাহকে ম্যাচসেরার পুরস্কার দিতে দুবার ভাবতে হয়নি ম্যাচ অ্যাজুডিকেটরের।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল: ৫০ ওভারে ২৫২/৮ (মাহমুদউল্লাহ ১০৭, মার্শাল ৫৪, আবদুল্লাহ ২৭; সানজিত ৩/৬৯, নূর আলম ২/৩২, সাদিকুর ১/২৫)।
ব্রাদার্স: ৫০ ওভারে২৪১/৮ (ইমরুল ৭০, তুষার ৫৫, আরমান ২৬*; মাহমুদউল্লাহ ৩/২৯, শফিউল ৩/৪০, সোহাগ ১/৩০, মুক্তার ১/৬১)।
ফল: শেখ জামাল ১১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।