অলরাউন্ডারদের যে রেকর্ডে সবার সামনে অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটির পথে অশ্বিন। ছবি: রয়টার্স
ফিফটির পথে অশ্বিন। ছবি: রয়টার্স

সেই কবে, ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরই যেন ব্যাটিংটা ভুলে গিয়েছিলেন। অবশেষে খরা কাটল। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ফিফটি পেলেন ৯ ইনিংস পর। আর এই ফিফটিতেই অলরাউন্ডারদের এক অনন্য রেকর্ড থেকে অশ্বিন ছিটকে দিয়েছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। অশ্বিনের রেকর্ডের দিনটা ভালো যাচ্ছে তাঁর দলেরও, ৯ উইকেটে ৬২২ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে ভারত। এরপর ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে উইকেটও পেয়েছেন অশ্বিন। শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছে ফিল্ডিং করে করে খেটে মরা শ্রীলঙ্কা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো যায়নি অশ্বিনের। টেস্টে র‍্যাঙ্কিং সেরা বোলারের মুকুট হারিয়েছেন রবীন্দ্র জাদেজার কাছে। আর ব্যাটিংয়ের বাজে ফর্ম (৫ ইনিংসে ৫৩ রান) নিশ্চিত করেছে সাকিব আল হাসানও তাঁকে টপকে হয়ে যাচ্ছেন টেস্টের সেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সিরিজের পরও ব্যাটে ছন্দ পাচ্ছিলেন না। গল টেস্টে একটু ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ফিফটি করার আগে (৪৭ রান) আউট হয়েছেন। আজ আর সেই ভুল করেননি, রঙ্গনা হেরাথের বলে বোল্ড হওয়ার আগে ফিফটি (৫৪) পেরিয়েছেন।
এর মাঝে ৫০ ছোঁয়ার মুহূর্তেই ক্যারিয়ারের দুই হাজারতম রান তুলে নিয়েছেন। সেই সঙ্গে পেছনে ফেলেছেন হ্যাডলিকে। টেস্টে ২০০০ রান ও আড়াই শ উইকেটের যুগলবন্দি ছুঁতে অশ্বিনের খেলতে হলো ৫১ টেস্ট। হ্যাডলির লেগেছিল ৫৪ টেস্ট। কিউই কিংবদন্তির সমসাময়িক ইয়ান বোথাম ও ইমরান খানের মতো বিশ্ব কাঁপানো অলরাউন্ডারদেরও এ মাইলফলক ছুঁতে ৫৫ টেস্ট খেলতে হয়েছে।
অশ্বিন ১১তম ফিফটি করে আউট হওয়ার পর ভারতের ইনিংসকে টেনে নিয়েছেন জাদেজা (৭০*)। ভারতের ইনিংসের মূল ভিত্তি অবশ্য আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের ইনিংসে। চেতেশ্বর পূজারা ১৩৩ আর অজিঙ্কা রাহানে ১৩২ রান করে আউট হয়েছেন আজ। আর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা করেছেন ৬৭।