অলরাউন্ডারদের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইয়ান বোথামের পর রবিচন্দ্রন অশ্বিন। ৩১ বছর পর টেস্ট ক্রিকেট আবার এক সিরিজে কাউকে দেখল ২৫০ রান ও ২৫ উইকেট নেওয়ার কীর্তি গড়তে। মাত্রই শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজেই কীর্তিটা গড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডারদের তালিকায় তিনি অষ্টম সংযোজন। ইংল্যান্ডের ইয়ান বোথামের দুবার আছে এই কীর্তি।

জর্জ গ্রিফিন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ১৮৯৪-৯৫

৪৭৫ রান ও ৩৪ উইকেট

সিরিজের প্রথম ও নিজের ২৪তম টেস্টে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটা পেয়েছিলেন জর্জ গ্রিফিন। তিনে নেমে তাঁর ১৬১ ও সিড গ্রেগরির ২০১ রানে ৫৮৬ করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ফলোঅনে ফেলতেও বড় ভূমিকা গ্রিফিনের মিডিয়াম পেসের। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তাঁর, কিন্তু ফলোঅন করেও অবিশ্বাস্যভাবে সিডনির ম্যাচটা জিতে নেয় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ওই সিরিজে পরে আরও তিনবার ফিফটি করেছিলেন গ্রিফিন, আর প্রতি ম্যাচেই পেয়েছেন কমপক্ষে ৫ উইকেট। কিন্তু সিরিজটা জিতেছে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে।

অব্রে ফকনার, দ. আফ্রিকা-ইংল্যান্ড, ১৯০৯-১০

৫৪৫ রান ও ২৯ উইকেট

জোহানেসবার্গে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন অব্রে ফকনার। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন লেগ স্পিন বোলিংয়ে। দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন গ্রিফিন। দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জেতে ১৯ রানে। সিরিজে দক্ষিণ আফ্রিকার অন্য দুই জয়েও অলরাউন্ডার গ্রিফিনের বড় ভূমিকা। কেপটাউনে শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি গ্রিফিন। ম্যাচটাও হারে দক্ষিণ আফ্রিকা।

রিচি বেনো, অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা, ১৯৫৭-৫৮

৩২৯ রান ও ৩০ উইকেট

৬৩ ম্যাচের ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি। এর দুটিই রিচি বেনো পেয়েছিলেন ১৯৫৭-৫৮ দক্ষিণ আফ্রিকা সফরে। প্রথম টেস্টে ১২২, চতুর্থ ম্যাচে ১০০। লেগ স্পিন বোলিংয়ে সিরিজে ৫ উইকেট পেয়েছিলেন চারবার। জোহানেসবার্গে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ১৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরই উইকেট আসেন বেনো। ফেরেন নবম ব্যাটসম্যান হিসেবে দলকে ৩৫৫ রানে রেখে। ওই ম্যাচটা ড্র হলেও সিরিজটা ৩-০-তে জেতে অস্ট্রেলিয়া। ওই সফরে সব ধরনের ম্যাচ মিলিয়ে ১০০ উইকেট নিয়েছিলেন বেনো।

ট্রেভর গডার্ড, দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া, ১৯৬৬-৬৭

২৯৪ রান ও ২৬ উইকেট

১৯৫৫ সালে টেস্ট অভিষেক। কিন্তু দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ব্যাটে-বলে সেরা সিরিজটা কাটিয়েছেন ১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যারিয়ারজুড়েই ব্যাটিং ওপেন করা গডার্ড জোহানেসবার্গে প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে বাঁহাতি মিডিয়াম পেসে ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৫৩) করে দলের জয়ে রাখেন বড় ভূমিকা। পোর্ট এলিজাবেথে শেষ টেস্টের দুই ইনিংসেই ফিফটি পেয়েছিলেন গডার্ড, সিরিজটা দক্ষিণ আফ্রিকা জেতে ৩-১-এ।

কপিল দেব, ভারত-পাকিস্তান, ১৯৭৯-৮০

২৭৮ রান ও ৩২ উইকেট

২১২ রান ও ২৮ উইকেট। ঠিক আগের সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কপিল দেবের পারফরম্যান্স। পরের সিরিজটাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে, সেখানেও সেই অলরাউন্ডার কপিল। ছয় ম্যাচ সিরিজের প্রথম ও শেষটিতেই শুধু ব্যাট হাতে ফিফটি কিংবা বল হাতে ইনিংসে ৫ উইকেট পাননি কপিল। এর মধ্যেও সেরা ম্যাচ হিসেবে চেন্নাইয়ের পঞ্চম টেস্টকে বেছে নেওয়া যায়। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট। মাঝে একমাত্র ইনিংসে আটে নেমে ৮৪ রান। ম্যাচটা ১০ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ভারত।

ইয়ান বোথাম, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১৯৮১

৩৯৯ রান ও ৩৪ উইকেট

সিরিজের তৃতীয় টেস্টে মহাকাব্যিক এক ম্যাচের সাক্ষী হেডিংলি। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফলোঅনে পড়েও ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বব উইলিস ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিলেও ম্যাচের নায়ক ইয়ান বোথাম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট, পরে ব্যাট হাতে প্রথমবার ৫০ রান। ইনিংস হারের শঙ্কায় ব্যাট করতে নেমে বোথাম দ্বিতীয় ইনিংসে করলেন অপরাজিত ১৪৯ রান। ১২৯ রানে লিড নিয়ে এরপর তো ইংল্যান্ড জিতেই গেল। এই সিরিজে আরও একটি সেঞ্চুরি করেন বোথাম, ৫ উইকেট নেন আরও দুবার।

ইয়ান বোথাম, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১৯৮৫

২৫০ রান ও ৩১ উইকেট

চার বছর পর আবার ইংল্যান্ডে অস্ট্রেলিয়া, আবার সেই ইয়ান বোথাম। ছয় ম্যাচের সিরিজে এবার অবশ্য কোনো সেঞ্চুরি পাননি বোথাম, ফিফটিও মাত্র দুটি। বল হাতেও একবারই ৫ উইকেট। এরপরও সিরিজ শেষে ঠিক ২৫০ রান, ৩১ উইকেট। হেডিংলি ও লর্ডসে প্রথম দুই টেস্টেই ফিফটি পান বোথাম, উইকেট নেন ৭টি করে। আগের সিরিজটির মতো এই সিরিজটাও ৩-১-এ জেতে ইংল্যান্ড।

রবিচন্দ্রন অশ্বিন, ভারত-ইংল্যান্ড, ২০১৬-১৭

৩০৬ রান ও ২৮ উইকেট

সিরিজজুড়েই দেখিয়েছেন কেন তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ব্যাট হাতে মাত্র একটি ম্যাচেই ফিফটি পাননি। তবে বল হাতে মুম্বাইয়ের ওই ম্যাচেই সবচেয়ে উজ্জ্বল রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়েছেন। তাঁর অফ স্পিনে ফাঁদে পড়েই ইনিংস ব্যবধানে হারে ইংল্যান্ড, সিরিজের নিষ্পত্তিও ওই ম্যাচে। সিরিজে সাতবার ব্যাট করে চারবারই করেছেন ফিফটি।