অলস বাংলাদেশের সান্ত্বনা তাসকিন

ওয়েলিংটন টেস্টটা খেলে তাহলে বাংলাদেশের লাভ হলো কী? শেষ দিনের এক সেশনে কীভাবে ম্যাচ বের করে নিতে হয় সেটা দেখিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। গল টেস্টের চতুর্থ দিনেই যেন হাল ছেড়ে দিয়েছে বাংলাদেশ! ফিল্ডিংয়ে বাংলাদেশের আলসেমির পূর্ণ সুবিধা নিয়ে ২৬৯ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতির আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৭ রান করেছে স্বাগতিক দল।
তৃতীয় দিনের বৃষ্টি বাধা পুষিয়ে নিতে আজ ১৫ মিনিট আগেই খেলা শুরু হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারেই মেহেদী হাসান মিরাজের হাতে বল ধরিয়ে দেওয়াতেই বোঝা গিয়েছিল দলের পরিকল্পনা। সিদ্ধান্তটা ভুল ছিল না। ষষ্ঠ ওভারেই প্রথম উইকেটের দেখা প্রায় পেয়ে গিয়েছিল বাংলাদেশ। মিরাজের বলে স্পিনের বিপরীতে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন দিমুথ করুণারত্নে। কিন্তু শর্ট কভারে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান আলসে ভঙ্গিতে একটু লাফ দেওয়ার ভান করে হাতটা শুধু উঁচুই করলেন। কিন্তু সে হাত বলের ধারেকাছেও গেল না। সুযোগটা হাতছাড়া হলো বাংলাদেশের।
শুধু ক্যাচ নয়, গ্রাউন্ড ফিল্ডিংয়েও করুণ প্রদর্শনী। গা ঝেড়ে দৌড় নেই, কারও মধ্যে বাড়তি তাগিদ নেই। যেন ম্যাচ শেষ হওয়ার আগেই মানসিকভাবে হেরে গেছে বাংলাদেশ। জয় নয়, হার এড়ানোকে লক্ষ্য মেনে নিয়েছেন মুশফিকরা! ইতিবাচক মানসিকতা না থাকলে যে ম্যাচ ড্র করাটাও কঠিন হয়ে যায়,সেটাও যেন ভুলে গেছে দল!
৭ রানে জীবন ফিরে পাওয়া করুণারত্নে শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩২ রানে। তাসকিন আহমেদের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে আউট হয়েছেন শ্রীলঙ্কান ওপেনার। শ্রীলঙ্কার ওপেনিং জুটিও পেরিয়েছে ফিফটি (৬৯)। ২১তম ওভারে প্রথম বল হাতে পাওয়া তাসকিন নিজের দ্বিতীয় ওভারেই ধাক্কা দিয়েছেন—প্রথম সেশনে বাংলাদেশের সান্ত্বনা এতটুকুই।