অলস্টারদের খেলায় নায়ক মধুর নস্টালজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার-শেন ওয়ার্ন: দুজনের নেতৃত্বেই কাল নিউইয়র্কে মাঠে নেমেছিলেন ২৮ ক্রিকেট তারকা। ছবি: রয়টার্স।
শচীন টেন্ডুলকার-শেন ওয়ার্ন: দুজনের নেতৃত্বেই কাল নিউইয়র্কে মাঠে নেমেছিলেন ২৮ ক্রিকেট তারকা। ছবি: রয়টার্স।

ব্যাট হাতে উইকেটের মাঝখানে শচীন টেন্ডুলকার। নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে বীরেন্দর শেবাগ। দর্শকের উল্লাস উচ্ছ্বাসে কান পাতা দায়। এরই ফাঁকে বোলিং মার্ক থেকে দৌড়ে এসে বল করলেন ওয়াসিম আকরাম। শেষ বার ক্রিকেটে এমন কিছু দেখা গিয়েছিল এক যুগ আগে। গতকাল সেই স্মৃতিই ফিরে এল নিউইয়র্কে। ক্রিকেটের আনন্দকে মার্কিন-মুলুকে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় নিয়েই ওয়ার্নস ওয়ারিয়র্স আর শচীন মাস্টার্সের টি-টোয়েন্টি লড়াইয়ে সমবেত এক ঝাঁক সাবেক তারকা। কাল দুই গ্রেটের দলের লড়াইয়ে ৬ উইকেটে জয় পেয়েছেন শেন ওয়ার্নই।

এক যুগ পর দেখা গেল দৃশ্যটা, টেন্ডুলকারকে বল করছেন ওয়াসিম আকরাম। ছবি: রয়টার্স।
এক যুগ পর দেখা গেল দৃশ্যটা, টেন্ডুলকারকে বল করছেন ওয়াসিম আকরাম। ছবি: রয়টার্স।

২৮ জন সাবেক তারকা খেলছেন এই সিরিজে। কাল অনেক রোমাঞ্চেরই পসরা সাজিয়েছিল ‘অলস্টার’ ক্রিকেট। আকরাম, ডোনাল্ডদের স্টেডিয়ামে আছড়ে ফেললেন শেবাগ। মাত্র ২০ বলে তুলে নিলেন ফিফটি। যেন দেখিয়ে দিতে চাইলেন ‘অস্ত্র জমা দিলেও প্রশিক্ষণটা দেননি।’ ওয়ার্নের বলে সাজঘরে ফিরলেন শচীন টেন্ডুলকার। ওয়ার্নের ঘূর্ণি-ফাঁদে পড়লেন ‘গ্রেট’ ব্রায়ান লারাও। খেলোয়াড়ি জীবনে নতুন বল ভাগাভাগি করেছেন, কিন্তু কাল অ্যালান ডোনাল্ডের বলই গ্যালারিতে আছড়ে ফেললেন শন পোলক। আবার পোলককে আউট করে প্রতিশোধটাও দারুণভাবে নিলেন ডোনাল্ড।

বল করছেন কার্টলি অ্যামব্রোস। ছবি: রয়টার্স।
বল করছেন কার্টলি অ্যামব্রোস। ছবি: রয়টার্স।

শচীনের দল ১৪০ রানে থেমে যেতেই ওয়ার্নস ওয়ারিয়র্সরা টের পেলো শোয়েব আকতারের বলের ঝাঁজ। পেস বাউন্স দিয়ে ব্যাটসম্যান তো বটেই অনেক দিন পর কিপিং করতে নামা মইন খানকেও ব্যতিব্যস্ত করে তুললেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।’ মাথা তাক করা তাঁর এক বাউন্সারেই আউট হলেন ম্যাথু হেইডেন। একটু পরেই দুর্দান্ত ফিল্ডিংয়ে জ্যাক ক্যালিসকে ফেরালেন মুত্তিয়া মুরালিধরন। কুমার সাঙ্গাকারা আর রিকি পন্টিংয়ের মনোমুগ্ধকর ব্যাটিংয়ের প্রদর্শনীও মিলল দর্শকদের চোখের সামনে। কার্টলি অ্যামব্রোসকে দেখা গেল অনেক দিন পর বল হাতে। কিন্তু খুব একটা পাত্তা পাননি। মুরলিকে তো প্রাপ্য সম্মানটুকুও দিলেন না সাঙ্গা। পন্টিংও সাঙ্গাকারার সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের মধ্যে তৈরি করেছেন অপার নস্টালজিয়া।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র গতি এখনো কমেনি। ছবি: রয়টার্স।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে’র গতি এখনো কমেনি। ছবি: রয়টার্স।

সাঙ্গাকারা অবশ্য ফিরেছেন শোয়েবের বাউন্সারে পরাস্ত হয়েই। মুরলিধরনও একটা উইকেট তুলে নিতে পারলেন অ্যান্ড্রু সাইমন্ডসকে ফিরিয়ে দিয়ে। এই দুই আঘাতে অবশ্য খুব একটা ক্ষতিবৃদ্ধি হয়নি ওয়ারিয়র্সদের। শেষ দিকে জন্টি রোডসও ব্যাট হাতে দারুণ সঙ্গী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের। এই দুইয়ের কল্যাণে শেষ অবধি জয়ের বন্দরেই ওয়ার্নের দল।

রিকি পন্টিংয়ের ব্যাটেই জয় মিলেছে ওয়ার্নের দলের। শচীনের দলে উইকেটের পেছনটা সামলেছেন মঈন খান। ছবি: রয়টার্স।
রিকি পন্টিংয়ের ব্যাটেই জয় মিলেছে ওয়ার্নের দলের। শচীনের দলে উইকেটের পেছনটা সামলেছেন মঈন খান। ছবি: রয়টার্স।