অলিম্পিক নয়, ক্রিকেটকে বেছে নিয়েছিলেন যে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। ছবি: রয়টার্স
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। ছবি: রয়টার্স

১৯৯৬ আটলান্টা অলিম্পিকে অতিথি হিসেবে গিয়েছিলেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন, দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মতো বিশ্ববরেণ্য রাজনীতিকেরা। অংশ নেওয়ার কথা ছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজরেরও। কিন্তু ক্রিকেটপ্রেমী এই প্রধানমন্ত্রী অলিম্পিক নয়, বরং নিজ দেশের ক্রিকেট ম্যাচ দেখাকেই বেশি উপভোগ্য বলে মনে করেছিলেন। মেজরের দুর্ভাগ্যই বলতে হবে, যে ক্রিকেট ম্যাচ দেখার জন্য তিনি অলিম্পিকের অনুষ্ঠানে যাননি, সেই ম্যাচটা বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা!

ঘটনার প্রায় ২৩ বছর পর ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভের নতুন এক নথি উন্মোচিত হওয়ার পর এই তথ্য বের হয়ে এসেছে। অথচ শুরুতে যখন তাঁকে অলিম্পিকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, তিনি কিন্তু বেশ আগ্রহই প্রকাশ করেছিলেন। কিন্তু সময় যত এগোতে থাকে, মেজরের ব্যক্তিগত সহকারী রাচেল রেনল্ডস আস্তে আস্তে টের পেতে থাকেন, প্রধানমন্ত্রীর অলিম্পিকে যাওয়ার আগ্রহ অনেকটাই কমে আসছে। অলিম্পিকের বদলে লর্ডসের ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ম্যাচের দিকেই তাঁর বেশি আগ্রহ।

জুনের ১৯ তারিখে অলিম্পিকে যাওয়ার সুবিধা ও অসুবিধা সম্পর্কে প্রধানমন্ত্রী মেজরকে একটি চিঠি পাঠান রাচেল। চিঠিতে আটলান্টা যাওয়ার অসুবিধা সম্পর্কে তিনি লেখেন, ‘প্রথমত, জুলাইয়ের শেষ ভাগে এসে আপনি ভীষণ ক্লান্ত থাকবেন। আটলান্টায় যাওয়ার ফ্লাইট বেশ দীর্ঘ, বছরের এই সময়ে সেখানে আবহাওয়াও ভীষণ গরম থাকে। দ্বিতীয়ত, আটলান্টায় গেলে আপনি লর্ডস টেস্টটি সরাসরি দেখতে পাবেন না।’ আর অলিম্পিকে যাওয়ার আবশ্যকতা সম্পর্কে বলতে গিয়ে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে অলিম্পিকে যোগ দেওয়ার এটিই শেষ সুযোগ আপনার। ব্রিটিশ দলকে সমর্থন করতে আপনি যদি সেখানে না যান, তবে আপনার সমালোচনাও হতে পারে। আপনার সেরা ছবিগুলো নির্ভার থাকা অবস্থায়ই উঠেছে। অলিম্পিকে গিয়ে আপনি এমন অনেক সুযোগ পাবেন।’

এই চিঠি পাঠানোর কিছুদিন পরই রাচেল টের পান, অলিম্পিকে নয়, বরং প্রধানমন্ত্রীর আগ্রহ লর্ডস টেস্টকে ঘিরেই। বিষয়টি টের পেয়ে রাচেল প্রধানমন্ত্রীকে জানান, তিনি যদি অলিম্পিকের বদলে লর্ডসে যান, সেটি হবে দুঃখজনক। তাঁর উপদেষ্টারা আরও বলেছিলেন, যেখানে ক্লিনটন-ম্যান্ডেলা-শিরাকের মতো ব্যক্তিত্বরা যাচ্ছেন, এমনকি ফিনল্যান্ডের রাজা পর্যন্ত যাচ্ছেন, সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অনুপস্থিত থাকাটা শোভনীয় দেখাবে না। অলিম্পিকে যোগ দেওয়ার সুযোগ চার বছরে একবার আসে। একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে এই সুযোগ হাতছাড়া করা আপনার একদমই উচিত হবে না।

কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই লাভ হয়নি। অলিম্পিকে নয়, জন মেজর গিয়েছিলেন লর্ডসেই। মজার বিষয় হলো, ম্যাচটি পাকিস্তানের কাছে ইংল্যান্ড হেরেছিল ১৬৪ রানে, আর অলিম্পিকে ব্রিটেনকে একমাত্র সোনার এনে দিয়েছিলেন স্টিভ রেডগ্রেভ-ম্যাথু পিনসেট জুটি।