অলিম্পিক সোনাজয়ীও দুষছেন কোহলিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে অনন্য সম্মান এনে দেওয়া বৃন্দাও কুম্বলের সরে দাঁড়ানোর ঘটনা মেনে নিতে পারেননি। ফাইল ছবি
ভারতকে অনন্য সম্মান এনে দেওয়া বৃন্দাও কুম্বলের সরে দাঁড়ানোর ঘটনা মেনে নিতে পারেননি। ফাইল ছবি

কোচ নাকি দুই রকম। একজন চাকরি হারিয়েছেন, আরেকজন হারাতে যাচ্ছেন! তবু অনিল কুম্বলেকে যেভাবে ভারতের দায়িত্ব থেকে সরে যেতে হলো, সেটা ব্যতিক্রম। কুম্বলের বিদায়ের পর থেকেই সমালোচনা চলছে বিরাট কোহলিদের। কেউ ব্যঙ্গ করছেন, কেউ বা রাখঢাক না রেখেই ধুয়ে দিচ্ছেন! তবে অভিনব উপায় বেছে নিয়েছেন অভিনব বৃন্দা।

ভারতের অনেক দিনের দুঃখ দূর করেছেন বৃন্দা। অলিম্পিকে হকির মাধ্যমে বেশ কয়েকটি সোনা পেলেও ব্যক্তিগত ইভেন্টে সে গৌরব ফাঁকি দিচ্ছিল বারবার। ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে বৃন্দা গড়েছেন ইতিহাস। এমন অর্জন এমনি এমনি আসেনি। কঠোর পরিশ্রমেই সম্ভব হয়েছে এমন বিরল অর্জন। ভারতের ক্রিকেট দলের দায়িত্ব থেকে কুম্বলের সরে দাঁড়ানোর সংবাদ শোনার পর টুইট করেছেন বৃন্দা, ‘আমার সবচেয়ে বড় শিক্ষক ছিলেন কোচ উভা রিসটারার। আমি তাঁকে ঘৃণা করতাম। তবু তাঁর সঙ্গে ২০ বছর ছিলাম। আমি শুনতে চাই না, এমন কিছুই উনি সব সময় বলতেন।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে বলেছেন, ‘এমনিই বলছি!’
যতই হ্যাশট্যাগ দিন, কথাটি কাদের উদ্দেশে বলছেন সেটা পরিষ্কার। মতের মিল না হওয়াতেই নাকি কুম্বলেকে দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে। কোচের অধিক পরিশ্রম করার নীতি নাকি পছন্দ হচ্ছে না কোহলিসহ দলের শীর্ষ খেলোয়াড়দের। এই টানাপোড়েনে সরে যেতে হলো কুম্বলেকে। খেলোয়াড়দের উদ্দেশে তাই এমন টুইট করে বৃন্দা জানিয়ে দিলেন, যা হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। সূত্র : টুইটার।