অলিম্পিকে ক্রিকেট চান টেন্ডুলকার-ওয়ার্নও

ক্রিকেট থেকে দুজনের অর্জন তো কম নয়। ক্রিকেটের জন্যই তাঁরা আজ মহাতারকা। অবসরের পর তাই খেলাটাকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে নেমেছেন শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। এই তো নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দুজনের ভাবনাপ্রসূত অল স্টার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার বিশ্বমঞ্চে খেলাটাকে নিয়ে যাওয়ার উদ্যোগে নিজেদের সমর্থন জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও অস্ট্রেলিয় বোলার। আওয়াজ তুলেছেন অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার।
ফুটবল আছে, হকি আছে, অ্যাথলেটিকস আছে, আরও ৩৮টি ভিন্ন ধরনের খেলা আছে। শুধু ক্রিকেটটাই নেই। শুধু একবারই ব্যাট-বলের লড়াই দেখেছে অলিম্পিক। সেটিও শতাব্দী প্রাচীন ঘটনা—১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে দুই দিনের ম্যাচ। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ফ্রান্সের দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটটি তুলে যাতে ১৫৮ রানের জয় পেয়েছিল ব্রিটিশরা। এর পর থেকেই অলিম্পিক আর ক্রিকেট যেন এক বিচ্ছেদের গল্প।
এই গল্পটিই এবার মিলনান্তক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে—২০২৪ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। নভেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে আলোচনায় বসবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টেন্ডুলকার ও ওয়ার্নের সমর্থন তাতে একটু গতিই দেবে।
বিবিসির এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসে টেন্ডুলকার বলেছেন, এটা খুব ভালো একটা চিন্তা।’ অলিম্পিকের জন্য ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণকেই আদর্শ মানছেন তিনি, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিই এর জন্য সবচেয়ে ভালো। ক্রিকেট নিয়ে কোনো ধারনাই নেই, কিংবা ক্রিকেটের সঙ্গে পরিচিত হতে চায়—এমন লোকদের জন্য এই ফরম্যাটটা সবচেয়ে আকর্ষণীয়।’
অলিম্পিকে ক্রিকেট না থাকার একটি বড় কারণ লম্বা সময় ধরে খেলা হওয়া। এ সমস্যার সমাধানও টি-টোয়েন্টিতেই দেখছেন টেন্ডুলকার, ‘তিন ঘণ্টার মধ্যেই খেলা শেষ হয়ে যাবে। অন্য যেকোনো খেলার মতোই আপনি স্টেডিয়ামে যাবেন এবং তিন ঘণ্টা পর নিজের কাজে ফিরে যেতে পারবেন।’
অলিম্পিকে ক্রিকেট দেখার আশায় দিন গুনছেন ওয়ার্নও, ‘এটিকে (ক্রিকেট) অলিম্পিকের একটা খেলা হিসেবে দেখতে খুব ভালো লাগবে। কে জানে, এক সময় হয়তো হয়েও যাবে।’ অলিম্পিকে ইনডোর ক্রিকেট হলেও কোনো আপত্তি নেই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অস্ট্রেলিয়ানের। বিবিসি।