অল্প পুঁজিতেও মোহামেডানের দারুণ জয়

২২৪ রান পুঁজি করে ম্যাচ জিততে দলের কাউকে দারুণ কিছুই করে দেখাতে হয়। প্রাইম ব্যাংকের বিপক্ষে এমন কিছুরই প্রত্যাশা ছিল মোহামেডানের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে আজ রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত মোহামেডানের হয়ে দারুণ বল করলেন নাঈম ইসলাম জুনিয়র। তাঁকে দারুণভাবে সহযোগিতা করলেন শুভাশিস রায় ও আরিফুল হক। এই তিন বোলারের মিলিত প্রয়াসে মোটামুটি এক সংগ্রহ নিয়েও প্রাইম ব্যাংককে শেষ পর্যন্ত ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান।
মোহামেডানের ২২৪ রান তাড়া করে প্রাইম ব্যাংকের শুরুটা একেবারে মন্দ ছিল না। গতকাল ৬.২ ওভারে ১ উইকেটে ৪১ রান তোলার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। আজ সকালে আবার ব্যাটিংয়ে নেমে ৪১ রানের সঙ্গে আর মাত্র ১০১ রানই যোগ করতে পেরেছে তারা। মেহেদী হাসান ৪৮ রান করে আউট হন। সাব্বির রহমান করেন ৪১। এই দুইয়ের ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ যখন ৩ উইকেটে ১২৪, ঠিক তখনই শুরু হয় সাজঘরে ফেরার মিছিল। শুভাশিস রায় ও আরিফুল হকের করা দুই ওভারের ৬ বলের ব্যবধানে ৩ উইকেটে ১২৪ থেকে প্রাইম ব্যাংক পরিণত হয় ৬ উইকেটে ১২৪-এ। শুভাশিস ফেরান নুরুল হাসান ও তাইবুর রহমানকে। আরিফের বলে আউট হন শেহান জয়াসুরিয়া।
পরের ৪ ব্যাটসম্যান শুভাগত হোম, নাজমুল ইসলাম ও মুনির হোসেনের সম্মিলিত প্রয়াস ছিল মাত্র ১৫। ইনিংসও ৩২.৪ ওভারের বেশি যেতে পারেনি। প্রাইম ব্যাংক গুটিয়ে যায় মাত্র ১৪২ রানেই।
মোহামেডানের সেরা বোলার ছিলেন নাঈম ইসলাম জুনিয়র। মাত্র ২১ রানে ৪ উইকেট নেন তিনি। শুভাশিস ৪৯ রানে নেন ৩টি, আরিফুল হক ২৭ রানে ২টি।
দারুণ এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বরের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে মোহামেডান।