অশ্বিন-ইয়াসিরে যেখানে মিলল ভারত-পাকিস্তান!

এক দিক দিয়ে রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে এগিয়েই আছেন ইয়াসির শাহ। ১৭ টেস্ট খেলে তুলে নিয়েছেন ১০০ উইকেট—ইতিহাসে দ্রুততম শত উইকেট শিকারে পেছনে ফেলেছেন ভারতীয় অফ স্পিনারকে। নিজে যৌথভাবে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন। অশ্বিন ১০০ উইকেট নিতে খেলেছিলেন ১৮ টেস্ট। সেই অশ্বিনই কদিন আগে টেস্টে ২০০তম উইকেট পূর্ণ করলেন। যেটি দ্বিতীয় দ্রুততম।
দুজনে সমবয়সী হলেও অশ্বিনের চেয়ে ঢের পরে শুরু হয়েছে ইয়াসিরের ক্যারিয়ার। পিছিয়েও আছেন ঢের। তবে অশ্বিন বনাম ইয়াসির লড়াইটা জমে উঠেছে খুব। দুজনে যে পাল্লা দিয়ে তুলে নিচ্ছেন উইকেট।
এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক সবচেয়ে খারাপ হলে কী হবে, টুইট করে ইয়াসিরকে শুভকামনা জানিয়েছেন অশ্বিন। যেটি ইয়াসিরের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে এসেছে। আর তা স্বীকার করে এই পাকিস্তানি লেগ স্পিনার বললেন, ‘অশ্বিনের মতো একজন ক্রিকেটার আমাকে শুভকামনা জানাচ্ছেন, এটি আমার জন্য দারুণ অনুপ্রেরণার। ভারত ও পাকিস্তানের প্রতিটি খেলোয়াড়ই চায় একে অন্যের সঙ্গে লড়তে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট খেলিনি, এটি আমার বড় এক আফসোস।’
২০০৭ সালের পর আর ভারত-পাকিস্তান টেস্ট খেলা হয়নি। অবশ্য ওয়ানডেতে দুজনের মুখোমুখি লড়াই হয়েছে। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডের ভারত-পাকিস্তান ম্যাচে। সে ম্যাচে অশ্বিন এক উইকেট নিলেও ইয়াসির ছিলেন উইকেট-শূন্য।
সীমান্ত সমস্যার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে এই দুই দেশের শত্রুতা চরমে পৌঁছেছে। এই মুহূর্তে ভারতের কেউ যদি পাকিস্তানের, কিংবা পাকিস্তানের কেউ যদি ভারতের প্রশংসা করে; তাহলে অনেকের চক্ষুশূল হতে হয়। কিন্তু অশ্বিন সেই বৈরী কাঁটাতারে আটকালেন না। ইয়াসির কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। ক্ষণিকের জন্য হলেও অশ্বিন-ইয়াসিরে মিলল ভারত-পাকিস্তান! সূত্র : এনডিটিভি।