অশ্বিন ফতুল্লা ফিরিয়ে আনতে চান হায়দরাবাদে

বৃষ্টির সৌজন্যে ২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টটা ড্র হয়েছিল। যতটুকু খেলা হয়েছিল তাতেই ভেলকি দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর স্পিন-বিষে খাবি খেয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতীয় অফ স্পিনার প্রথম ইনিংসে ৮৭ রানে পেয়েছিলেন ৫ উইকেট। সেই পারফরম্যান্সের ধারা তিনি ধরে রেখেছেন পরেও। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষ স্থানটি তাঁরই। ফতুল্লা টেস্ট থেকেই নিজের ক্যারিয়ারের অন্য এক মোড়ে ঢুকে পড়েছিলেন বলে মনে করেন অশ্বিন।
অশ্বিন আশাবাদী পরশু থেকে শুরু হায়দরাবাদে টেস্টেও ফিরে আনবেন ফতুল্লার স্মৃতি, ‘হাত থেকে বলগুলো যেন স্বপ্নের মতো বেরিয়ে আসছিল। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইব।’
কদিন আগে ঋদ্ধিমান সাহা বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। অশ্বিনের কথায় ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের পুনরাবৃত্তি, ‘তারা (বাংলাদেশ) নিউজিল্যান্ড সফর করে এসেছে। আমরা জানি নিউজিল্যান্ডে ভালো করা সহজ নয়। তাদের হালকাভাবে নেওয়া যাবে না, ক্রমোন্নতি করা দুর্দান্ত এক দল তারা।’
অশ্বিনকে অনুপ্রাণিত করছে অতীত পরিসংখ্যান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এখনো পর্যন্ত হয়েছে মাত্র তিনটি টেস্ট। তিনটির ফল দেখেছে দুটিই, বাকিটি ড্র। আর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। তিন টেস্টে উইকেট পড়েছে মোট ৮৭টি। এর মধ্যে স্পিনাররা নিয়েছে ৫৮টি আর পেসাররা ২৬টি। প্রায় ৬৭ শতাংশ উইকেটই স্পিনারদের মুঠোয়।
বোলারদের মধ্যে শীর্ষে আছেন অশ্বিন, ২ টেস্টে নিয়েছেন ১৮ উইকেট। এবারও হায়দরাবাদের পিচে জাদু দেখানোর আশায় তিনি, ‘এই মাঠের মাঝ উইকেটে বাউন্স একটু বেশি। আউটফিল্ড ঘন সবুজ। স্পিনারদের জন্য দারুণ মাঠ এটি। সীমিত ওভারের ক্রিকেটেও এখানে বল ঝুলিয়ে দেওয়া যায়। উইকেট একটু মন্থর, যে বাউন্স পাবেন নিজের মতো কিছু করার সুযোগ থাকে। এখানে বোলিং করাটা উপভোগ করি।’
অশ্বিন নিশ্চয়ই পরশু থেকে শুরু হায়দরাবাদ টেস্টেও তাঁর বোলিং উপভোগ করতে চাইবেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা পারবেন তাঁর চাওয়াকে ভন্ডুল করে দিতে? আর সাকিব-মিরাজরা পারবেন স্পিনের বিপক্ষে বিশ্বের সেরা দলটিকে চাপে ফেলতে?