অশ্বিন ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ল নিউজিল্যান্ডের আরেকটি উইকেট, অশ্বিনের শিকার আরও একজন l এএফপি
পড়ল নিউজিল্যান্ডের আরেকটি উইকেট, অশ্বিনের শিকার আরও একজন l এএফপি

তৃতীয় টেস্টেও হারের মুখে নিউজিল্যান্ড।
এখনো দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি সফরকারীদের। ভারতও দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভার ব্যাট করেছে। তারপরও নিউজিল্যান্ডকে হারের মুখে ফেলে দিচ্ছেন একজন—রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসেই নিয়েছেন ৬ উইকেট। টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনের উইকেটে তাঁকেই আবার খেলতে হবে সফরকারী কিউইদের—এই একটি তথ্যই বলে দিচ্ছে ম্যাচের সম্ভাব্য ফল।
কাল ১১৮ রানের উদ্বোধনী জুটির পরও ১৪৮ রানে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। শুধু মার্টিন গাপটিলের উইকেটটিই পাননি অশ্বিন, বাকি সবাই তাঁর শিকার। তবে তাঁর হাতেই রানআউট হয়েছেন গাপটিল। অশ্বিনের ওই স্পেলের পর জিমি নিশামের ব্যাটে খানিক স্বস্তি পেয়েছিল নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনারদের নিয়ে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে নিউজিল্যান্ডকে আড়াই শ পার করেন তিনি। নিশামকে নিজের পঞ্চম শিকার বানিয়ে সেই প্রতিরোধটাও থামান অশ্বিন। ৩৯ টেস্টের ক্যারিয়ারে এটা তাঁর ২০তম ইনিংসে ৫ উইকেট। ইতিহাসে তাঁর চেয়ে দ্রুত ইনিংসে ২০ বার ৫ উইকেট নিয়েছেন মাত্র দুজন—সিডনি বার্নস (২৫) ও ক্ল্যারি গ্রিমেট (৩৭)।
জিতান প্যাটেলকে রানআউট ও ট্রেন্ট বোল্টকে আউট করে নিউজিল্যান্ড ইনিংসটা মোড়ানোর কাজটা সেরেছেন অশ্বিন। শুধু ওয়াটলিং ও স্যান্টনারকে আউট করেছেন রবীন্দ্র জাদেজা। ২৯৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।
প্রথম ইনিংসে ২৫৮ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলো অন করায়নি ভারত। দিনের খেলা শেষে বিনা উইকেটে ১৮ রান তুলে ২৭৬ রানে এগিয়ে ভারত। বিরাট কোহলির দলের জন্য একমাত্র অস্বস্তি, তৃতীয় ওভারে ২ রান নিতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন গৌতম গম্ভীর। তথ্যসূত্র: ক্রিকইনফো।