অশ্বিন-যাদবের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা হতে পারত ‘ফিফটি’ করা দুজনের। সেঞ্চুরিতে বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছিলেন বিরাট কোহলি, কাল হাতছানি দিচ্ছিল ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। হয়নি। ৫০তম টেস্ট খেলতে নামা জো রুট দ্বিতীয় দিনটা করে নিতে পারতেন। কিন্তু দারুণ খেলতে খেলতেই ফিরে গেছেন ৫৩ রান করে। বরং ব্যাটে-বলে টেস্টের দ্বিতীয় দিনটা নিজের করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতও একটু একটু করে ম্যাচটা মুঠোয় নিয়ে নিচ্ছে। কোহলিদের ৪৫৫ রানের পর ইংল্যান্ড যে ১০৩ রান তোলার আগেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট!
প্রথম দিনেই দেড় শ পেরিয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু কাল আর মাত্র ১৬ রান যোগ করেই ফিরে গেছেন। ৪ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা ভারত একটা সময় ৩৬৩ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। কুক হয়তো তখন ভারতকে ৪০০-এর নিচে বেঁধে রাখার আশা দেখছিলেন।
কিন্তু অভিষিক্ত জয়ন্ত যাদবকে নিয়ে সেই আশায় জল ঢেলে দেন অশ্বিন। অষ্টম উইকেটে দুজনের ৬৪ রানে আবার পথ দেখে ভারত। ব্যাট হাতেও দারুণ ফর্মে থাকা অশ্বিন আউট হয়েছেন ৫৮ রানে, যাদব করেছেন মহামূল্যবান ৩৫ রান।
কিন্তু অশ্বিন আসল কাজটা করেছেন বল হাতে। শুরুটা করেছিলেন মোহাম্মদ শামি, অফ স্টাম্প ছত্রখান করে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন অ্যালিস্টার কুককে। হাসিব হামিদকে নিয়ে জো রুট ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু রানআউট হয়ে যান হামিদ। এরপরই অশ্বিনের জোড়া আঘাত, প্রথমে দারুণ এক বলে আউট বেন ডাকেট। এরপর তাঁকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ রুট। দিনের পার্শ্বনায়ক যাদবও নিজের প্রথম উইকেট পেয়ে যান মঈন আলীকে ফিরিয়ে। বেন স্টোকস ও জনি বেয়ারস্টো দিনটা পার করে দিয়েছেন, কিন্তু দুজনের কাজটা কেবল শুরু। ধেয়ে আসতে থাকা বিপদ থেকে ইংল্যান্ডকে নিরাপদ জায়গায় নিতে অনেক কাজ তাঁদের বাকি। সূত্র: স্টার স্পোর্টস।