অশ্বিন 'বোলিংয়ের ব্র্যাডম্যান'

৫২ টেস্টের ক্যারিয়ারে ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান। এই ক্যারিয়ার পরিসংখ্যান কার, তা আসলে বলার প্রয়োজন পড়ে না। ডন ব্র্যাডম্যান সর্বকালের সেরা ব্যাটসম্যান। অনেকেই একমত হবেন, তাঁর সঙ্গে কারও তুলনা চলে না। তাঁকে আলাদা ব্র্যাকেটে রেখেই বাকিদের তুলনা করা হয়। ব্র্যাডম্যানের স্বদেশি স্টিভ ওয়াহ এ কাজটিই করলেন একটু অন্য রকমভাবে। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কাছে ‘বোলিংয়ের ব্র্যাডম্যান’।
অশ্বিনের প্রশংসার আড়ালে ওয়াহ ভাইদের বড়জন কি উত্তরসূরিদের একটা সতর্কবার্তা দিলেন? ইঙ্গিতে কি বললেন অশ্বিনের ঘূর্ণি থেকে সাবধান! ভারতের মাটিতে মাত্রই পা রেখেছে অস্ট্রেলিয়া দল। পুনেতে ২৩ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজ। তার আগে প্রতিপক্ষ দলের সেরা বোলারকে প্রশংসায় ভাসিয়ে দিলেন স্টিভ ওয়াহ, ‘অশ্বিন মূলত বোলিংয়ের ব্র্যাডম্যান। সে যা করছে তা এককথায় অসাধারণ। আমি মনে করি, তাকে আমাদের সামলাতে হবে। স্মিথরা যদি তাকে সামলাতে পারে তাহলে আমাদের সুযোগ থাকবে। ছেলেদের চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে হবে।’
অশ্বিন যে গতিতে ছুটছেন, তাতে বোলারদের ব্র্যাডম্যান হয়ে যেতেই পারেন। যদিও পেরোতে হবে লম্বা পথ। একজন বোলার হিসেবে মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্নদের সঙ্গে তুল্য হতেও আরও অনেক কিছুই করতে হবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পাওয়া অশ্বিনকে। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেই আড়াই শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অশ্বিন, ইতিহাসে সবচেয়ে কম টেস্ট খেলে (৪৫ টেস্ট)। এদিক থেকে মুরালি-ওয়ার্নদের তো ছাড়িয়েই গেছেন চেন্নাইয়ে জন্ম নেওয়া এই স্পিনার। ওয়াহর বিশ্বাস, এভাবে খেলতে থাকলে অশ্বিন একদিন সব রেকর্ডই নিজের করে নেবেন, ‘এ মুহূর্তে যেমন খেলছে, অনেক রেকর্ড ভাঙবে সে। অশ্বিনের পরিসংখ্যান অসাধারণ।’
২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনো টেস্ট জেতেনি অস্ট্রেলিয়া। এই ইতিহাসটা উল্টে দিতে হলে কী করতে হবে, স্মিথদের সেই পরামর্শ দিতে গিয়ে বিরাট কোহলির প্রশস্তিও গাইলেন ওয়াহ, ‘বিরাট কোহলির নেতৃত্বও অসাধারণ। তার অধীনে ভারতের খেলোয়াড়দের ভাবনা ইতিবাচক থাকে। যেকোনো কিছু করতেই প্রস্তুত তারা। নতুন টিম ইন্ডিয়া যেকোনো কিছুই অর্জন করতে পারে।’ জি নিউজ।