অশ্বিনই কেড়ে নিলেন সব আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ জিততে হলে আধুনিক রূপকথার জন্ম দিতে হতো নিউজিল্যান্ডকে। কিন্তু রূপকথার গল্প কি আর সব সময় লেখা যায়! লুক রনকি ও মিচেল স্যান্টনারও পারলেন না। দুজনের ১০২ রানের প্রতিরোধ পেরিয়ে রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে নিজেদের ৫০০তম টেস্টটি জিতে গেল ভারত ১৯৭ রানে।
সকালের সেশনটা পুরোটাই কাটিয়ে দেওয়ার আশা দেখিয়েছিলেন রনকি-স্যান্টনার। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে রনকি ফিরতেই সব প্রতিরোধ ভেস্তে গেল। মধ্যাহ্নবিরতির এক ঘণ্টার মধ্যেই ২৩৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪৩৪ রানের লক্ষ্য থেকে সফরকারীরা তখনো ১৯৮ রান দূরে।
ব্যাটিংয়ে দুই ইনিংসে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস ও বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া রবীন্দ্র জাদেজা হয়েছেন কানপুর টেস্টের ম্যাচসেরা। তবে এই টেস্ট সবাই মনে রাখবেন অশ্বিনের জন্যই। গত আগস্টে পোর্ট অব স্পেন টেস্টের দিকে উৎসুক দৃষ্টি নিয়ে সবাই তাকিয়ে ছিলেন তাঁর দিকে। টেস্টে দ্রুততম ২০০ উইকেটের ক্ল্যারি গ্রিমেটের (৩৬ টেস্ট) রেকর্ডে পাশে বসার সুযোগ ছিল অশ্বিনের। কিন্তু বৃষ্টি-বাগড়ায় এক সেশনও বোলিং করতে পারেননি। অবশ্য এ নিয়ে কাল একটু মজা করে নিলেন, ‘হয়তো ক্ল্যারি গ্রিমেট আমার চেয়ে ভালো মানুষ ছিলেন। আমার মনে হয়, এটাই হওয়ার কথা ছিল। সত্যি বলতে, এতেই খুশি আমি। গত পাঁচ-ছয় বছরে অনেক কিছুই পেয়েছি। তাই পেছনে ফিরে বৃষ্টির ব্যাপারে মন খারাপ করাটা মোটেও ভালো হবে না।’
মন খারাপ করাটা মানায়ও না অশ্বিনের। ৩৩ বছরে টেস্ট অভিষেক হয়েছিল গ্রিমেটের। আর ৩০ বছর বয়সেই ২০০ উইকেট পেয়ে গেছেন অশ্বিন। উইকেটসংখ্যায় গ্রিমেটকে তাঁর ছাড়িয়ে যাওয়াটাও সময়ের ব্যাপার। টেস্ট হয়তো গ্রিমেটের চেয়ে একটি বেশি খেলেছেন কিন্তু বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেটপ্রাপ্তিতে অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের চেয়ে অনেক এগিয়ে অশ্বিন।
মাইলফলক ছোঁয়ার মুহূর্তটিও দুর্দান্ত ছিল অশ্বিনের, ‘২০০তম উইকেট হিসেবে কেন উইলিয়ামসন তো ভালোই। ক্যারিয়ারে বেশ কিছু ভালো উইকেট পেয়েছি। নাগপুরে ডি ভিলিয়ার্স, এই টেস্টে উইলিয়ামসন আর গত বছর শ্রীলঙ্কায় কুমার সাঙ্গাকারা—উইকেটগুলো আমার ক্যারিয়ারে বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।’ ক্রিকইনফো, রয়টার্স।