অশ্বিনের উত্তর খুঁজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

জ্যামাইকার স্যাবাইনা পার্কে টস জিতে ব্যাটিং নিয়েই সবাইকে অবাক করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠের রেকর্ড তো খুব একটা ব্যাটিং–সহায়ক নয়—এই ভাবনা থেকেই ছিল অবাক হওয়ার পালা। ক্যারিবীয় ব্যাটসম্যানদের ব্যাটিং সেই ভাবনাকে আরও শক্তপোক্ত করেই ফেলেছিল। কিন্তু দিন শেষে লোকেশ রাহুলের ব্যাটিং দেখার পর মনে হলো, নাহ্, ভুলটা টসে জিতে ব্যাটিংয়ে যাওয়ায় নয়; ওয়েস্ট ইন্ডিজ করেছে ব্যাটিংয়েই। করেছে, নাকি করতে বাধ্য হয়েছে? ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতাকে বড় করে দেখলে যে রবিচন্দ্রন অশ্বিনের কৃতিত্ব খাটোই করা হয়।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা যাঁর কারণে বাজে ব্যাট করতে বাধ্য হলেন, তিনি তো অশ্বিনই। ভারতের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে যেন নিজেই করে নিতে চাইছেন এই অফ স্পিনার। অ্যান্টিগা টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত করার পর জ্যামাইকাতেও জ্বলে উঠেছেন তিনি। প্রথম দিন অবশ্য তাঁর জ্বলে ওঠা বল হাতেই।
মাত্র ৫২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই মূলত শেষ করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লড়াকু সংগ্রহের স্বপ্নটা। টস জিতে আগে ব্যাট করে ক্যারিবীয়রা মাত্র ৫২.৩ ওভারে অলআউট ১৯৬ রানে। ১ উইকেটে ১২৬ রানে দিন শেষ করে এরই মধ্যে সুবিধাজনক অবস্থায় ভারত। ৭৫ রানে অপরাজিত আছেন রাহুল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬১ রান এসেছে জার্মেই ব্ল্যাকউডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান মারলন স্যামুয়েলসের—৩৭। এ ছাড়া মিগুয়েল কলিন্স ২৪, শ্যানন গ্যাব্রিয়েল ১৫, জেসন হোল্ডার ১৩ ও রোস্টন চেজ ১০ রান করেন। অশ্বিনের ৫ উইকেটের পাশাপাশি ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামিয়েছেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি—দুজনেই তুলে নিয়েছেন ২টি করে উইকেট। অমিত মিশ্র নিয়েছেন ১টি। টানা দুই ইনিংসে ১২ উইকেট পেয়ে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আরও কিছু পয়েন্ট যোগ করা নিশ্চিত করলেন একে থাকা অশ্বিন।
স্যাবাইনা পার্কের উইকেট বোলারদের সাহায্য করে বলে যেমন জনশ্রুতি আছে, ঠিক তেমনি এই উইকেট ব্যাটসম্যানদের জন্যও অনেক কিছু রেখে দেয়। টেস্ট ক্রিকেট ৩৬৫ সংখ্যাটি গ্যারি সোবার্সের দৌলতে দেখেছিল কিন্তু এই মাঠেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে সে মানের খেলোয়াড় কই! এক ব্লাকউডই যা একটু বুক চিতিয়ে লড়েছেন, বাকিরা তো ভারতীয় বোলারদের সামনে ছিলেন রীতিমতো অসহায়ই।
দিন শেষে রাহুল বুঝিয়ে দিলেন, স্যাবাইনা পার্কে ব্যাটিংটা কত সোজা। খেলেছেন ১৪৪ বল, বাউন্ডারি ১০টি। ৩৭ ওভার ব্যাট করে ভারত কেবল শিখর ধাওয়ানের উইকেটটিই হারিয়েছে। ধাওয়ান ফিরেছেন ২৭ রানে, রোস্টন চেজের বলে, ড্যারেন ব্রাভোর হাতে ধরা পড়ে। রাহুলকে যোগ্য সঙ্গ দিচ্ছেন চেতেশ্বর পূজারা, তাঁর সংগ্রহ ১৮। ৭০ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিন শুরু করবে বিরাট কোহলির দল। সূত্র: এএফপি।