অশ্বিনের পর রাহুলের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ৫ উইকেট পাওয়াটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন l এএফপি
টেস্টে ৫ উইকেট পাওয়াটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন l এএফপি

কোথায় থামবেন অশ্বিন?
প্রশ্ন উঠতে পারে, আচমকা এমন প্রশ্ন কেন? কিন্তু যা শুরু করেছেন ভারতীয় অফ স্পিনার, তাতে এ প্রশ্ন করার সময় এসে গেছে। কিংস্টন টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৯৬ রানে, তাতে ৫ উইকেটই অশ্বিনের। ক্যারিয়ারে ১৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেট প্রাপ্তি।
অশ্বিনের বোলিং ও লোকেশ রাহুলের ব্যাটিংয়ে পরশু প্রথম দিনেই টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছিল ভারত। কাল দ্বিতীয় দিনে সেটি আরও সংহত করলেন রাহুল। এই প্রতিবেদন লেখার সময়ে ১২৮ রানে অপরাজিত ছিলেন ভারতীয় ওপেনার, টেস্ট ক্যারিয়ারে তাঁর তৃতীয় সেঞ্চুরি। রাহুলের সেঞ্চুরির সৌজন্যেই ভারতের রান হয়ে গেছে ২ উইকেটে ২১৮। হাতে ৮ উইকেট নিয়ে ক্যারিবীয়দের চেয়ে ২২ রান এগিয়ে গেছেন কোহলিরা।
রাহুল আলো ছড়ানোর আগে, টেস্টের প্রথম দিনে ছিল অশ্বিনের দাপট। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসেই ৭ উইকেট পেয়েছিলেন, উপমহাদেশের বাইরে তাঁর প্রথম ৫ উইকেট পাওয়া। পরের ইনিংসেই আবারও ৫ উইকেট ভারতীয় অফ স্পিনারের! সেটিও একদা পেস বোলিংয়ের স্বর্গ স্যাবাইনা পার্কে! ১০ বছর পর এই ভেন্যুতে কোনো স্পিনার ৫ উইকেট পেলেন। ২০০৬ সালে সর্বশেষ কীর্তি দুজনের, ভারতীয় দলে অশ্বিনের দুই পূর্বসূরি হরভজন সিং ও অনিল কুম্বলে।
উইকেট স্পিনবান্ধব নয়, শুধু বাউন্স ও বলের গতিতে পরিবর্তন এনেই পরশু অশ্বিনের এই সাফল্য। মারলন স্যামুয়েলসকে যেভাবে বোকা বানালেন, সেটি তো চোখে লেগে থাকার মতো। আগের বলেই ছক্কা, পরের বলটি আবারও ঝুলিয়ে দিলেন। আবারও তেড়েফুঁড়ে এলেন স্যামুয়েলস, কিন্তু মাঝপথে ভুল বুঝতে পেরে কোনোমতে ব্যাট ছোঁয়ালেন। লাভ হলো না, শর্ট লেগে ক্যাচ! জেসন হোল্ডারকে আউট করে যখন নিজের পঞ্চম উইকেটটি পেলেন, একটি রেকর্ডও হয়ে গেল অশ্বিনের। মাত্র ৩৪ ম্যাচে ১৮ বার ৫ উইকেট পেয়েছেন ভারতীয় স্পিনার। অর্থাৎ প্রায় ৫৩ শতাংশ ম্যাচেই ৫ উইকেট পেয়ে পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে। শ্রীলঙ্কান কিংবদন্তি ৬৭ বার ৫ উইকেট পেয়েছেন ১৩৩ ম্যাচে (প্রায় ৫০ শতাংশ)। অশ্বিন নিজেও এমন অর্জনে উল্লসিত, ‘ক্রিকেট খেলা শুরুর পর থেকেই সবাই স্বপ্ন দেখে এমন কিছু করার, যা আগে কেউ করেনি। আমি খুশি, ক্যারিয়ারের যেকোনো পর্যায়েই সবার চেয়ে একটি ব্যাপারে এগিয়ে থাকলাম। খুব ভালো লাগছে, তবে আমাকে আরও উন্নতি করতে হবে।’ যে ফর্মে আছেন অশ্বিন, এরপরও যদি উন্নতি করতে চান, তাহলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের প্রমাদ গুনতে হবে। এ নিয়ে টানা চার টেস্টে ৫ উইকেট পেলেন, মোট পাঁচবার!

তবু এই টেস্টের আলোটা পুরোপুরি অশ্বিনের ওপর নয়, কারণ ব্যাটিংয়ে দেখা মিলল রাহুলের। মুরালি বিজয়ের চোটের কারণে দলে ঢুকে সুযোগটাকে কী দারুণভাবেই না কাজে লাগাচ্ছেন ২৪ বছর বয়সী ওপেনার। ব্যাটিংয়ের ব্যাকরণ মেনে এমনই আগ্রাসী ইনিংস খেললেন যে ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকারেরাও হয়ে পড়লেন স্মৃতিকাতর। কারও মনে পড়ে গেল রাহুল দ্রাবিড়ের কথা, কেউ এক ধাপ এগিয়ে সুনীল গাভাস্কারের সঙ্গেই তুলনা শুরু করে দিলেন।

এখনই এত দূর ভাবাটা বাড়াবাড়ি, তবে অনেক দিন পর মায়াঞ্জন বুলিয়ে দেওয়ার মতোই ছিল রাহুলের ব্যাটিং। ক্রিকইনফো।