অশ্বিনের সেরা একাদশে ২ জন পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন নির্বাচিত সর্বকালের সেরা ওয়ানডে একাদশে আছেন দুই পাকিস্তানি। হালে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবং সেই উত্তেজনাকে ঘিরে দুই দেশের বেশ কিছু ক্রিকেট ব্যক্তিত্বের যুদ্ধংদেহী মন্তব্য ও পাল্টা মন্তব্য আসছে। এ সময়েই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে, একেবারেই নির্মোহ হয়ে ভারতের এই অফ স্পিনার নিজে গড়েছেন সর্বকালের সেরা একাদশটি। মজার ব্যাপার হচ্ছে, এই একাদশে ভারতীয় ক্রিকেটার আছেন মাত্র একজন। তিনি আর কেউ নন শচীন টেন্ডুলকার।
অশ্বিনের একাদশে যে দুজন পাকিস্তানি আছেন, তাঁরা হচ্ছেন ইনজামাম-উল-হক ও ওয়াসিম আকরাম। অশ্বিনের চোখে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। ইনজামাম সম্পর্কে তাঁর অভিমত, ‘সেরা সময় তাঁর ব্যাটিং দেখাটা ছিল দারুণ আনন্দের। তিনি ছিলেন বোলারদের দুঃস্বপ্ন।’
অশ্বিনের একাদশে আছেন পাঁচ অস্ট্রেলীয় ক্রিকেটার। এঁরা হলেন স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও মাইকেল বেভান। আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ল্যান্স ক্লুজনার। সূত্র : জি নিউজ।

অশ্বিনের সর্বকালের সেরা একাদশ : শচীন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, স্টিভ ওয়াহ, ইনজামাম-উল-হক, মাইকেল বেভান, শেন ওয়ার্ন, ল্যান্স ক্লুজনার, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।