অশ্বিনের 'ডাবল', চাপে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন

টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত রানের পাহাড় গড়বে। তাতে চাপা পড়বে শ্রীলঙ্কা। ভারতের চলতি শ্রীলঙ্কা সফরের চিত্রনাট্য যেন এভাবেই সাজানো। গলের প্রথম টেস্টেরই যেন পুনরাবৃত্তি দেখছে কলম্বোর দ্বিতীয় টেস্ট। কাল ভারতের অধিনায়ক বিরাট কোহলি যখন ইনিংস ঘোষণা করলেন, প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬২২ রান হয়ে গেছে। জবাবে ২ উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

নতুন বলে টানা ১০ ওভার বোলিং করে শ্রীলঙ্কার ২টি উইকেটই নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রথম আঘাতটা ছিল শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারে, নিজের প্রথম ওভারের শেষ বলে। অশ্বিনের বাজে বলটাকে পুল করতে গিয়ে উপুল থারাঙ্গা সেটি তুলে দেন শর্ট লেগ ফিল্ডার লোকেশ রাহুলের হাতে। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকেও পরে স্লিপে ক্যাচ বানিয়েছেন অশ্বিন।

নিজের ৫১তম টেস্টে অশ্বিন ব্যাট হাতেও ঝলমলে এক ফিফটি করেছেন। ৫৪ রানের ইনিংস খেলার পথে ২০০০ রানের মাইলফলক ছুঁয়ে বড় এক কীর্তিতেও নাম তুলেছেন। সবচেয়ে কম টেস্ট খেলে ২ হাজার ও ২৫০ উইকেটের ‘ডাবল’ হলো তাঁর। এর আগে সবচেয়ে কম ৫৪ টেস্টে খেলে এই ‘ডাবলটা’ ছুঁয়েছিলেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি।

শুধু অশ্বিনই নন, ভারতীয় ইনিংসে দুই সেঞ্চুরিসহ ৫০ পেরোনো ইনিংস আছে আরও পাঁচটি। আগের দিনই সেঞ্চুরি পেয়ে যাওয়া দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (১৩৩) ও অজিঙ্কা রাহানে (১৩২) ফিরেছেন অল্পতেই। পরে ফিফটি পেয়েছেন ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজাও। ২০০৭ সালের পর এই প্রথম দেশের বাইরে ভারতের ছয় ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।

এই ম্যাচেও শ্রীলঙ্কাকে দুঃসংবাদ শুনিয়েছে চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ শেষ হয়ে গেছে পেসার নুয়ান প্রদীপের। প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুল ফাটিয়ে সিরিজের বাইরে চলে গেছেন আসেলা গুনারত্নে। তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।