অশ্বিনের '১৪ ওভার' রীতির শিকার সাকিব, হলো না সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবকে আউট করে অশ্বিনের উদ্‌যাপন। ছবি-এএফপি
সাকিবকে আউট করে অশ্বিনের উদ্‌যাপন। ছবি-এএফপি

রবিচন্দ্রন অশ্বিন তাহলে ১৫তম ওভার থেকেই উইকেট নেওয়া শুরু করেন?

ভারতীয় অফ স্পিনার যখন ১৪তম ওভার করতে আসছিলেন, ধারাভাষ্যকাররাই বলছিলেন, ‘এটিই শেষ ওভার! এরপর থেকেই হয়তো শুরু হবে অশ্বিন-জাদু!’ সাধারণত গড়ে ৮৪ বল পর থেকে মুড়িমুড়কির মতো উইকেট নেওয়া শুরু করেন অশ্বিন। সেই হিসেবে ১৫তম ওভার থেকেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠতে শুরু করবেন।
কথাটা এভাবে ফলে গেল! অশ্বিনের ১৫তম ওভারের প্রথম বলেই আউট সাকিব আল হাসান!
অবশ্য আউটটাতে অশ্বিনের কৃতিত্বের চেয়েও সাকিবের দায় বেশি চোখে পড়ছে। আজ শুরু থেকেই যেমন আক্রমণাত্মক খেলছিলেন সাকিব, সেঞ্চুরিটা সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। ভারতীয় বোলারদের মধ্যেও যা একটু ভয়ংকর মনে হচ্ছিল শুধু উমেশ যাদবের বোলিং। বাকিদের সাকিব-মুশফিক মিলে ভালোই সামলাচ্ছিলেন। কিন্তু অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ের ভুলে মিড অনে ধরা পড়লেন সাকিব, সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে।
এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৭। মুশফিক অবশ্য ফিফটির কাছাকাছি চলে এসেছেন, অপরাজিত আছেন ৪৬ রানে। তাঁর সঙ্গী নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান, তাঁর রান ৯।
লাঞ্চের পর থেকে বাংলাদেশের ইনিংসটাকেও যেন কিছুটা হৃষ্টপুষ্ট দেখাচ্ছিল। লাঞ্চের কিছুক্ষণ আগে মাহমুদউল্লাহ আউট হয়ে যান, লাঞ্চের সময় বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১২৫। কিন্তু পঞ্চম উইকেটে সাকিব ও মুশফিক এনে দেন ১০৭ রানের জুটি। সাকিব তো শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর উল্টো আক্রমণ করে খেলছিলেন, বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। মুশফিকও তাঁকে দিয়ে গেছেন যোগ্য সংগত। এক-দুই করে রান নিয়েছেন, পাশাপাশি দুর্দান্ত কিছু শটও ছিল। ইশান্ত শর্মার উঁচু বাউন্সারে ব্যাটটাকে চামচের মতো করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে উঠিয়ে দেওয়া বলুন বা কাভার ড্রাইভ...মুশফিক ব্যাটিং করছেন দুর্দান্ত।
তবে যে ব্যাপারটি খুব বাজেভাবে চোখে লাগছে, সেটি হলো রানিং বিটুইন দ্য উইকেট। সাকিবের সঙ্গে জুটিতেই তিন-তিনবার রানআউট হতে হতে বেঁচেছেন মুশফিক। একবার তো বেঁচেছেন সেকেন্ডের ভগাংশের ব্যবধানে, বলা যায়, ‘বেনিফিট অব ডাউট’ পেয়েছেন। সাব্বিরের সঙ্গে এই অল্প কিছুক্ষণের জুটিতেও দুজনের রানিংয়ের সমস্যাটা চোখে পড়েছে।
তা যা–ই হোক, এই দুজনের জুটিতেই এখন ভরসা খুঁজছে বাংলাদেশ। এখনো যে দল পিছিয়ে আছে ৪৬০ রানে!