অসময়েই ফিরে গেলেন সাকিব
সাকিব আল হাসান ফিফটি পেয়েছিলেন। কিন্তু তাঁর মতো খেলোয়াড়ের কাছ থেকে চাওয়াটা থাকে আরও অনেক বেশি। তিনি নিজেও চান অর্জনকে বড়, আরও বড় করতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট সাকিবের প্রত্যাবর্তনের মঞ্চ। সেই প্রত্যাবর্তনের উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার সব আয়োজনই করে ফেলেছিলেন। কিন্তু একটা আলগা শটই শেষ করে দিল সব। সাকিবের আরও একটি সেঞ্চুরি বা বড় ইনিংসের সম্ভাবনা অঙ্কুরেই হলো বিনষ্ট।
রাকিন কর্নওয়েলকে প্রথম উইকেট উপহার দিয়েছেন সাকিব। কর্নওয়েলের জন্য নিশ্চয়ই এটি স্মরণীয় মুহূর্ত। কিন্তু সাকিব যেভাবে আউট হলেন, সেটি সাকিব কেন, কর্নওয়েলও বোধকরি ভাবতে পারেননি। সাকিবের মতো ব্যাটসম্যানকে সেট হয়ে যাওয়ার পর ফেরানো এত সোজা!
৬৮ রানে অপরাজিত সাকিব আউট হয়েছেন কর্নওয়েলের আলগা ধরনের একটা বলে। তবে তাতে অতিরিক্ত বাউন্স ছিল। অফ স্টাম্পের বাইরে লেংথ বল। সাকিব উদ্যত হয়েছিলেন কাট করতে। কাট করলেনও। কিন্তু কাট করতে যে শক্তি খরচ করতে হয়, সেটি তিনি করেননি। হয়তো মাঝখানে সিদ্ধান্ত বদল করতে চেয়েছিলেন। আর তাতেই ঘটে গেল বিপত্তিটা। সাকিবের ব্যাট থেকে খুব সহজেই বলটি উড়ে গিয়ে ধরা দিল ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের হাতে।
দলকে ৩১৫ রানে রেখে ফিরেছেন সাকিব। ১৫০ বল খেলে করেছেন ৬৮। ৫ বাউন্ডারির ইনিংসটি বাংলাদেশকে বড় কিছুর প্রত্যাশাই এনে দিয়েছিল। কিন্তু বড় সাধারণভাবেই যেন সমাপ্তি ঘটল তার।
এই প্রতিবেদন লেখার সময় মধ্যাহ্ন বিরতি চলছে দ্বিতীয় দিনের। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৮। মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ৯৩ বলে ৪৬ রান করে। সাকিব ফেরার পর উইকেটে এসেছেন তাইজুল ইসলাম।