অসহায় ট্রটের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রট, অবসাদের কারণে ক্রিকেট থেকে নিয়েছেন অনির্দিষ্টকালের ছুটি। ফাইল ছবি
ট্রট, অবসাদের কারণে ক্রিকেট থেকে নিয়েছেন অনির্দিষ্টকালের ছুটি। ফাইল ছবি

কী প্রতিশ্রুতি নিয়েই না ক্রিকেটে আবির্ভূত হয়েছিলেন জোনাথন ট্রট! ইংল্যান্ড ক্রিকেট দলে ধারাবাহিকতার প্রতিমূর্তিই হয়েছিলেন। দলের বিপর্যয়ের মধ্যে এক প্রান্তে দিতেন অসাধারণ নির্ভরতা। কী টেস্ট, কী ওয়ানডে, ইংল্যান্ডের হয়ে দারুণভাবেই কথা বলে চলেছিল তাঁর ব্যাট। কিন্তু হঠাৎ করেই কী যেন হয়ে গেল। অবসাদ-সংক্রান্ত অসুস্থতা ঘিরে ধরল তাঁকে। অ্যাশেজ সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে ফিরে এলেন। অসুস্থতাটা কাটিয়ে ওঠার অভিপ্রায়ে এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরেই আছেন তিনি। গত এপ্রিলে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেও সেই অবসাদ-সংক্রান্ত দুর্বলতা তাঁকে আবারও ফেরত নিয়ে যায় ক্রিকেটবিহীন জীবনে। গত মাসে তিনি আবারও ফিরেছেন বটে। কিন্তু এখনো নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ঢের বাকি তাঁর। ট্রট নিজেও খুব চিন্তিত তাঁর ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারের পাশাপাশি নিজের মানবজীবনের স্বাভাবিকতাও তিনি ফিরিয়ে আনতে চান। মুক্তি পেতে চান এই রোগ থেকে।
অবসাদ-সংক্রান্ত এই অসুস্থতাটা আসলে কী? সহজভাবে বললে, অতিরিক্ত ক্রিকেটের চাপটা নিতে না পারার কারণেই ট্রট এই রোগে আক্রান্ত। যেকোনো পেশায় চাপটা যখন অতিরিক্ত থাকে, তখন অনেকেই সেই চাপটা আর নিতে পারেন না। বেশ কয়েক বছর আগে ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক ঠিক একই রোগে আক্রান্ত হয়ে ক্রিকেট ছেড়েছিলেন। ট্রটের অসুস্থতাটাও ঠিক একই ধরনের। ট্রেসকোথিক অবশ্য এই রোগে আক্রান্ত হওয়ার পর ক্রিকেটে ফেরার আর কোনো চেষ্টাই করেননি। কিন্তু ট্রট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রটের কথা হলো, ‘ক্রিকেটে ফেরা-না ফেরার চেয়েও এই অস্বাভাবিকতা থেকে রেহাই পাওয়া দরকার। এটা যে একটা অসুস্থতা, সেটা তো আর অস্বীকার করার কিছু নেই। এই অসুস্থতা থেকেই মুক্তি চাই আমি।’
ট্রট স্মরণ করেছেন গত নভেম্বর মাসের কথা, ‘ভয়ংকর একটা সময়। যা আমার পেশা, সেই ক্রিকেটকেই ওই সময়টা আমার কাছে ভয়ংকর মনে হতো। অসহ্য মনে হতো খেলাটি। মনে হতো, ইশ্‌, আমাকে যদি কখনো এই খেলাটা খেলতে না হয়।’
ট্রট বলেন, ‘সকালবেলা ঘুম থেকে উঠতে ওই সময় একটা ভয়ংকর আতঙ্ক আমাকে ঘিরে থাকত। আবার মাঠে যেতে হবে! আবার ব্যাট হাতে নিতে হবে! অনুশীলন মাঠে যেতে যেতে বাজে রকমের অবসাদ আমাকে কুঁকড়ে দিত। আমি ক্রিকেটকে ওই সময় ঘৃণা করা শুরু করেছিলাম।’
অবসাদ-সংক্রান্ত এই সমস্যায় পড়ে গত নভেম্বরে অ্যাশেজ সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরে এসেছিলেন। রসিকতা করেই বলেছেন, ‘ওই সময়টা আমি ক্রিকেট থেকে দূরে চলে গিয়েছিলাম। আমার চিকিৎসা চলছিল। দেখলাম আমার খুব ভালো লাগছে। ব্যাপারটা অনেকটাই স্বস্তিদায়ক ছিল আমার জন্য। কিন্তু নতুন ধরনের একটা আতঙ্কও আমাকে কুড়ে খাচ্ছিল, আমার মনে হচ্ছিল এখন যতই ক্রিকেট থেকে দূরে থাকি, একটা না একটা সময় তো আমাকে ক্রিকেটে ফিরতেই হবে।’
অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ সিরিজের মাঝপথে দেশে ফিরে আসার পর অনেকেই তাঁকে নিয়ে হাসাহাসি করেছিলেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার করেছিলেন টিটকারি। সেটা না হয় মেনে নেওয়া গেল, ট্রট সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মন্তব্যে। ভন অভিযোগ করেছিলেন, অ্যাশেজ সিরিজ থেকে নাকি রীতিমতো পালিয়ে বেঁচেছেন ট্রট। সাবেক অধিনায়কের এই মন্তব্য অসুস্থতার ওই সময়টায় ট্রটের জন্য আরও বড় আঘাত হয়েই এসেছিল, ‘বিশ্বাস করুন, আমি ভেবে পাচ্ছিলাম না ভন কেন এই মন্তব্য করলেন।’
অসুস্থ হয়ে ট্রট প্রথমে ভেবেছিলেন বেশি ক্রিকেটই বোধ হয় এই সমস্যা সৃষ্টি করছে, কিছুদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে দেখলেন একটা নির্দিষ্ট ধরনের সমস্যাই পেয়ে বসেছে তাঁকে। কিছু দিন চিকিৎসা শেষে এপ্রিলে কাউন্টি ক্রিকেটে ফিরেও দেখলেন অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ক্রিকেট একইভাবে তাঁকে পীড়া দিয়ে যাচ্ছে।
এপ্রিলে নতুন করে অসুস্থ হওয়াটা পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে ট্রটের। ক্রিকেট তো তাঁর রুটি-রুজি। আর ক্রিকেট খেলার ব্যাপারেই যদি রাজ্যের অনীহা ভর করে, কীভাবে চলবে! ট্রট এবার শরণাপন্ন হন বিখ্যাত মনোবিজ্ঞানী স্টিভ পিটারসের। এই বিখ্যাত মনোবিদের কাছে গিয়ে রীতিমতো হাতজোড় করেই ট্রট বলেন, ‘মি. স্টিভ আমাকে বাঁচান. আমি ক্রিকেটে ফিরতে চাই। আমি সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’
এখনো সেই চিকিৎসার পর্যায় চলছে। ট্রট তাকিয়ে আছেন অবসাদকে পুরোপুরি দূর করার দিকে। কিন্তু সেই দিনটি কবে আসবে, কে জানে!