অসুখ তো শুরুতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অভিজ্ঞ ওপেনার হিসেবে ইমরুলকে টেস্টে আরও ধারাবাহিক হতে হবে। ছবি: প্রথম আলো
অভিজ্ঞ ওপেনার হিসেবে ইমরুলকে টেস্টে আরও ধারাবাহিক হতে হবে। ছবি: প্রথম আলো

এই টেস্টে আরও একবার ওপেনিং জুটি বদলে যাচ্ছে বাংলাদেশের। তাতে কি অসুখটা সারবে? সারলে তো ভালোই

গত জিম্বাবুয়ে সিরিজের শেষ টেস্টে জিতলেও প্রথম টেস্ট কিন্তু হেরেই সিরিজ শুরু করেছিল টাইগাররা। টেস্ট র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকা বাংলাদেশের ব্যাটিংয়ে তাকালে সবার আগে যে জিনিসটা চোখে পড়ে, সেটি ওপেনিংয়ে বড় জুটি গড়তে না পারার ব্যর্থতা। তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে ইমরুল, লিটন, সৌম্যদের কেউ ওপেনিংয়ে নিয়মিত ভিত গড়তে পারছেন না। অধিনায়ক সাকিবকে কি এই সমস্যা ভাবাচ্ছে না?

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে কাল সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন টেস্টে ওপেনারদের নিয়ে তাঁর ভাবনার কথা, ‘দেখুন, এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ খেলোয়াড়, তাদের সুযোগটা যেন বেশি থাকে। আমি সব সময় বিশ্বাস করি, টেস্টে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে সেটা দলের জন্য অনেক বেশি সহায়ক হয়। তারপরও আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা কোন ধরনের জুটি খেলাব ওপেনিংয়ে।’

সাকিবের কথা শুনেই বোঝা যাচ্ছে, টেস্টে ওপেনারদের ব্যর্থতা নিয়ে তিনি বেশ চিন্তিত। আর চিন্তিত হবেন না কেন? টেস্টে গত ২০ ইনিংসে বাংলাদেশের হয়ে বিভিন্ন ম্যাচে ঘুরেফিরে ওপেন করেছেন তামিম, ইমরুল, লিটন, সৌম্য। এই ২০ ইনিংসের মধ্যে আমাদের ওপেনাররা ৫০ ছাড়ানো জুটি গড়তে পেরেছেন মাত্র তিনবার! এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিম-ইমরুলের ৭২, একই টেস্টের দ্বিতীয় ইনিংসে এই দুজনেরই ৫২, আর জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ইমরুল-লিটনের ৫৬। আসলে সর্বশেষ ২১ ইনিংস ধরেই এই ব্যর্থতা চলছে। এই ২১ দীর্ঘ ইনিংসে বাংলাদেশ ওপেনিং জুটিতে এসেছে ৪০৪ রান! প্রতি ইনিংসে জুটির গড় আয়ু ২০ রানেরও কম!

রানের চেয়েও বড় সমস্যা বল খেলায়। অধিকাংশ ম্যাচে ১০ ওভারও টিকতে পারছে না ওপেনিং জুটি। টেস্টে ওপেনারদের কাজই থাকে অন্তত এক সেশন ভালোভাবে ব্যাটিং করে বলের উজ্জ্বলতা কমানো, নতুন বলের সুইং কমানো, যেন পরে ব্যাটসম্যানদের খেলতে সমস্যা না হয়। কিন্তু বাংলাদেশের ওপেনাররা তা করতে পারছেন কোথায়? টেস্টে ব্যাটসম্যানদের শট খেলার প্রবণতা যে কত বেশি, এবং আমাদের ব্যাটসম্যানদের উইকেট হারানোর পেছনে যে এই প্রবণতাই দায়ী, সেটা সিলেট টেস্টের পরে জিম্বাবুয়ে কোচ লালচাঁদ রাজপুত চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। পরিসংখ্যানেও তাই ফুটে উঠছে এই ব্যর্থতার কথা।

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছে না তামিমকে। ইমরুল আর সৌম্য সরকারের ওপর বর্তাচ্ছে ওপেনিংয়ে শক্ত ভিত গড়ার দায়িত্ব। সাকিবের আহ্বানে সাড়া দিয়ে এই দুজন কি টেস্টের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন?