অসুখটা ধরেছেন বাংলাদেশের সহকারী কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্ডিংয়ে উন্নতি করতে চান বাংলাদেশের ফিল্ডাররা। ছবি: ফাইল ছবি
ফিল্ডিংয়ে উন্নতি করতে চান বাংলাদেশের ফিল্ডাররা। ছবি: ফাইল ছবি

অনুশীলনটা ঐচ্ছিক হওয়ায় আজ বিকেলে বাংলাদেশ দলের সবাইকে দেখা গেল না মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান যিনিই এসেছেন; ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে সমান মনোযোগ দিয়েছেন। নিউজিল্যান্ড সফরে বাজে ফিল্ডিংয়ের চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। আসন্ন ভারত সফরে একই ভুল যাতে না হয় সেই চেষ্টা করছেন ইমরুল-মুমিনুলরা। 

বাংলাদেশের ফিল্ডারদের হাত গলে ক্যাচ ফসকানোর দৃশ্য নিয়মিত দেখা গেছে নিউজিল্যান্ড সফরজুড়েই। তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টে সহজ-কঠিন মিলিয়ে গোটা বিশেক ক্যাচ হাতছাড়া তো বাংলাদেশ করেছে। বাজে ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল ভীষণ চিন্তিত, ‘অবশ্যই এটা হতাশার। ১৬-১৭টা ক্যাচ পড়েছে। গত দুই বছরে আমাদের যে সাফল্য, দলের কাছ থেকে এটা আশা করিনি। এটা চিন্তার বিষয়।’
একের পর এক ক্যাচ ভূমিশয্যা নেওয়ার দুটি কারণ খুঁজে পেয়েছেন হ্যালসল, ‘হয় টেকনিকালি তারা প্রস্তুত ছিল না অথবা ফিল্ডারদের মনঃসংযোগ ছিল না। কেউ পুরোপুরি মনোযোগী ছিল না। কেউ টেকনিক্যালি পিছিয়ে ছিল। তাদের প্রত্যেককে আলাদাভাবে দেখছি। নিউজিল্যান্ডও অনেক ক্যাচ হাতছাড়া করেছে। ওদের জিত রাভাল পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ক্যাচ ধরেছিল। আবার আমাদের সঙ্গে সে কিছু ক্যাচ হাতছাড়া করেছে। তারাও এটা নিয়ে চিন্তিত।’
বিকেলে ঘণ্টাখানেক ব্যাটিং-ফিল্ডিং অনুশীলন করেছেন চোটে পড়া মুশফিক-ইমরুল-মুমিনুল। তিনজনের উন্নতিতে সন্তুষ্ট হ্যালসল, ‘মুশফিক আজ ভালোভাবে অনুশীলন করেছে। স্বচ্ছন্দেই ব্যাটিং করেছে। মুমিনুল-ইমরুলও ফিল্ডিং সেশন করেছে। তাদের ব্যথা অনেকটা কমে এসেছে। এটা ইতিবাচক খবর। কাল আবারও ব্যাটিং-ফিল্ডিং সেশন আছে। আজ অবশ্য তারা ডাইভ দেয়নি। তাদের অবস্থা কালই আরও ভালো বোঝা যাবে।’