ওয়াহদের পরে মার্শ ভাইয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে দুই ভাই স্টিভ ও মার্ক ওয়াহ। ছবি: ক্রিকইনফো
মায়ের সঙ্গে দুই ভাই স্টিভ ও মার্ক ওয়াহ। ছবি: ক্রিকইনফো

সব ঠিক থাকলে ব্রিসবেনে আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে দুটি ঘটনা ঘটবে—অস্ট্রেলিয়ার ৪৫তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নামবেন স্টিভেন স্মিথ। আর একসঙ্গে টেস্ট খেলতে নামবেন দুই ভাই—শুন ও মিচেল মার্শ। স্টিভ ও মার্ক ওয়াহর পর এই প্রথম একসঙ্গে টেস্ট খেলতে নামছেন দুই ভাই। তবে অস্ট্রেলিয়া দলে ভাইয়েদের একসঙ্গে টেস্ট খেলার রেকর্ড বহু আগ থেকেই।
১৮৭৭ সালের মার্চে ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টেই খেলেছিলেন অস্ট্রেলিয়ার দুই ভাই ডেভ ও নেড গ্রেগরি। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ডেভ। পরে অস্ট্রেলিয়ার বিখ্যাত এ গ্রেগরি পরিবারের টেস্ট খেলেছেন আরও দুজন—নেডের ছেলে সিডনি গ্রেগরি। সিড অবশ্য অস্ট্রেলিয়ার অধিনায়কত্বও করেছেন। এ পরিবারের আরেক সদস্য, ডেভ-নেডের ভাতিজা জ্যাক গ্রেগরি খেলেছেন ২৪ টেস্ট।

গ্যাবায় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামছেন আরও দুই ভাই—শন ও মিচেল মার্শ। ছবি: দ্য টেলিগ্রাফ
গ্যাবায় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামছেন আরও দুই ভাই—শন ও মিচেল মার্শ। ছবি: দ্য টেলিগ্রাফ

টেস্ট ইতিহাসের শুরুর সে সময়টায় অস্ট্রেলিয়া দলে একসঙ্গে টেস্ট খেলেছেন দুই ভাই—চার্লস ও অ্যালেক ব্যানারম্যান। খেলেছেন গিফেন পরিবারের দুই ভাই জর্জ ও ওয়াল্টার, ট্রট পরিবারের আলবার্ট ও হ্যারি।
অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেট পরিবারের দুই ভাই—ইয়ান ও গ্রেগ চ্যাপেল সত্তরের দশকে একসঙ্গে খেলেছেন ৪৩ টেস্ট। দুজনই করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব। চ্যাপেল ভ্রাতৃদ্বয়ের দাদা ভিক্টর রিচার্ডসন বিশ ও ত্রিশের দশকে খেলেছেন ১৯ টেস্ট। করেছেন অধিনায়কত্বও। ইয়ান ও গ্রেগের ছোট ভাই ট্রেভরও টেস্ট খেলেছেন। তবে বড় দুই ভাইয়ের সঙ্গে মাঠে নামার সুযোগ হয়নি।
একসঙ্গে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন স্টিভ ও মার্ক ওয়াহ। ১৯৯১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে প্রথম একসঙ্গে খেলেছিলেন চার মিনিটের পার্থক্যে জন্ম নেওয়া এ দুই ভাই। এই যাত্রা অব্যাহত থাকে ২০০২ সাল পর্যন্ত। ভ্রাততৃদ্বয় এ সময়ে খেলেছেন সর্বোচ্চ ১০৮ ম্যাচ।
ওয়াহ ভাইয়ের পর এবার অস্ট্রেলিয়া দলে মার্শ পরিবারের দুই ভাই—শন ও মিচেল। একসঙ্গে মাঠে নামার আগে বিখ্যাত বাবা জিওফ মার্শের দুই ছেলের মনে নিশ্চয় অন্য রকম অনুভূতি কাজ করছে! বুকের ভেতর জমিয়ে রাখা বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে তাঁদের। মিচেলের চেয়ে ৮ বছরের বড় শন বললেন, ‘অসাধারণ লাগছে। আমি এবং মিচেল এটা নিয়ে বহুদিন আলাপ করেছি। আগামীকাল গ্যাবায় দুজনের একসঙ্গে খেলাটা হবে দারুণ।’ বাবা জিওফের মনেও খেলে যাচ্ছে অন্য রকম আনন্দ। বললেন, ‘বাবা হিসেবে এটাই আশা করব, সাধ্যের সেরাটাই দেবে তারা। আগামীকাল যখন ওরা মাঠে নামবে, সেটা হবে গর্বের এক মুহূর্ত।’ সূত্র: রয়টার্স ও ক্রিকেটডটকমএইউ।