অস্ট্রেলিয়া দলে বেন ডাঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট তো নয়ই, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টিও খেলা হয়নি বেন ডাঙ্কের। ২৭ বছর বয়সী ‘আনকোরা’ এই উইকেটরক্ষককেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। পাকিস্তান সিরিজের জন্য অস্ট্রেলিয়ার মূল দলটি আরব আমিরাতে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন কিংবা উঠতি ক্রিকেটাররা থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু টিম পেইন কিংবা ম্যাট ওয়েডের মতো উইকেটরক্ষককে পিছু ফেলে ডাঙ্কের ডাক পাওয়াটা চমকই। গত শনিবার সীমিত ওভারের ঘরোয়া ম্যাচে তাসমানিয়ার হয়ে রেকর্ড অপরাজিত ২২৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ডাঙ্ক। ওটারই পুরস্কার তাঁর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া। ৫, ৭ ও ৯ নভেম্বর অনুষ্ঠেয় ৩টি টি-টোয়েন্টি ম্যাচের অস্ট্রেলিয়া দলে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার শেন ওয়াটসন।  এএফপি।