অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট স্থগিত

ফিল হিউজের মৃত্যুতে শোকাহাত ক্রিকেটদুনিয়া। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি শোকগ্রস্ত অস্ট্রেলিয়া। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট হবে কি না, তা নিয়ে ছিল সংশয়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সিরিজের প্রথম টেস্টটি স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচ পুনরায় কবে অনুষ্ঠিত হবে, সেটি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন সিএ নির্বাহী জেমস সাদারল্যান্ড।
৩ ডিসেম্বর বুধবার দুপুর দুইটায় নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল হাইস্কুলের ক্রীড়া মিলনায়তনে হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। খেলোয়াড়েরা থাকবেন সতীর্থের এ অনুষ্ঠানে। সবচেয়ে বড় কথা, এই বেদনা নিয়ে মাঠে নামা কঠিন। এ কারণে বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট স্থগিত করেছে সিএ।
সিএর প্রধান নির্বাহী সাদারল্যান্ড বললেন, ‘সতীর্থের অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন খেলোয়াড়েরা টেস্ট খেলতে প্রস্তুত—এটা আমরা আশা করি না বা করাও উচিত নয়। আমাদের কাছে অবশ্যই অন্ত্যেষ্টিক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। সবাই শোকাতুর। এ অবস্থায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার প্রশ্নই আসে না। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের বোধগম্যতা ও সমর্থনকে প্রশংসা করি। এমন কঠিন পরিস্থিতি না বোঝারও কোনো কারণ নেই।’ এএফপি, রয়টার্স।
সূচি অনুযায়ী, অ্যাডিলেডে ১২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ।